২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনএআইতে ৬০০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া-অ্যামাজন-মাইক্রোসফট?

প্রথমবারের মতো ওপেনএআইতে বিনিয়োগ করছে অ্যামাজন। সম্ভবত ২ হাজার কোটি ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে ই কমার্স জায়ান্টাটি।

ওপেনএআইতে ৬০০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া-অ্যামাজন-মাইক্রোসফট?
এসব কোম্পানির কাছ থেকে খুব শিগগিরই বিনিয়োগের প্রাথমিক শর্তাবলী বা বিনিয়োগের চূড়ান্ত প্রতিশ্রুতি পাবে ওপেনএআই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখতে এবার সম্ভবত হাত মেলাচ্ছে বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া, অ্যামাজন ও মাইক্রোসফট।

বুধবার আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইতে প্রায় ৬ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া, ই কমার্স জায়ান্ট অ্যামাজন ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে ইনফরমেশন বলেছে, ওপেনএআইতে একাই ৩০০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের আলোচনা চালাচ্ছে এনভিডিয়া। বর্তমানে ওপেনএআইয়ের বড় বিনিয়োগকারী এনভিডিয়া এবং এর চিপ দিয়ে কোম্পানিটির বিভিন্ন এআই মডেল চলে।

তবে, এবার ১ হাজার কোটি ডলারের কম বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে ওপেনএআইয়ের দীর্ঘদিনের সঙ্গী মাইক্রোসফট। অন্যদিকে, প্রথমবারের মতো ওপেনএআইতে বিনিয়োগ করছে অ্যামাজন। সম্ভবত ২ হাজার কোটি ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে ই কমার্স জায়ান্টাটি।

এসব কোম্পানির কাছ থেকে খুব শিগগিরই বিনিয়োগের প্রাথমিক শর্তাবলী বা বিনিয়োগের চূড়ান্ত প্রতিশ্রুতি পেতে যাচ্ছে ওপেনএআই।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরাধে সাড়া দেয়নি অ্যামাজন ও মাইক্রোসফট। অন্যদিকে, এনভিডিয়া ও ওপেনএআইয়ে কাছ থেকেও মন্তব্যের অনুরোধে সাড়া মেলেনি।

ইনফরমেশনের এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

অ্যামাজনের এই বিনিয়োগ কিছু আলাদা শর্ত বা আলোচনার ওপর নির্ভর করতে পারে। যার মধ্যে রয়েছে ওপেনএআইয়ের ক্লাউড সার্ভার ভাড়ার চুক্তি আরও বাড়ানো এবং একটি বাণিজ্যিক চুক্তি করা, যাতে ওপেনএআই তাদের বিভিন্ন পণ্য, যেমন ‘এন্টারপ্রাইজ চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন’ অ্যামাজনের কাছে বিক্রি করতে পারে।

এ সপ্তাহের শুরুতে অন্যান্য প্রতিবেদনে উঠে এসেছিল, সফটব্যাংক গ্রুপও ওপেনএআইতে ৩ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ নিয়ে আলোচনা করছে। এরপরই নতুন এই তিন কোম্পানির বিনিয়োগে আগ্রহের খবরটি এসেছে।

বর্তমানে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় নিজেদের বিভিন্ন এআই মডেল তৈরি, ট্রেনিং ও চালানোর খরচ সামলাতে হিমশিম খাচ্ছে ওপেনএআই।