নতুন সৌরগাড়ি
এ বছরের শেষের দিকে বিশ্ব সৌরগাড়ি প্রতিযোগিতায় অংশ নিতে ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি দল ব্যতিক্রমী অবয়বের একটি সৌরগাড়ি নির্মাণ করেছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি দল ব্যতিক্রমী অবয়বের একটি সৌরগাড়ি নির্মাণ করেছে। সম্প্রতি প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় এ বছরের শেষের দিকে বিশ্ব সৌরগাড়ি প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের নতুন সৌরগাড়িটির ডিজাইন করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় ২০০৫ সাল থেকে প্রতি বছর অক্টোবরে সৌরশক্তিচালিত গাড়ির প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১ হাজার ৮০০ মাইল পথ পাড়ি দিতে হয়।
নতুন তৈরি সৌরগাড়িটি ১৭৭ ইঞ্চি দীর্ঘ, ৪৩ ইঞ্চি লম্বা এবং গাড়ির ওজন ৫০০ পাউন্ড। এটি প্রায় ১ হাজার ৫০০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এটি ঘণ্টায় ১০০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম।
গাড়ি নির্মাতা টিমের ম্যানেজার এরিখ হাউজম্যান বলেন, অধিকাংশ সৌরগাড়ি রেসের জন্য ডিজাইন করা হয়। কিন্তু আমাদের গাড়িটি রাস্তার গতিসীমার ভেতরে অথবা তার খুব কাছাকাছি গতিতে চালানো সম্ভব।
