১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তথ্য বিকৃতি, জালিয়াতির অভিযোগ, এক্স নিয়ে তদন্ত ফ্রান্সে

ফরাসি আইনজীবীদের অভিযোগ, ‘বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে’ ব্যবহার হয়েছে এক্স-এর অ্যালগরিদম বা সফটওয়্যারের কাজের পদ্ধতি।

তথ্য বিকৃতি, জালিয়াতির অভিযোগ, এক্স নিয়ে তদন্ত ফ্রান্সে
তদন্তটি শুরু হয়েছে এ বছরের জানুয়ারিতে দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

তথ্য বিকৃতি ও জালিয়াতির অভিযোগে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।

শুক্রবার ফ্রান্সের প্রসিকিউটর অফিস বলেছে, এক্স নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ বাহিনীর একটি শাখা। তদন্তে দুই ধরনের অভিযোগ উঠেছে এক্স-এর বিরুদ্ধে। একটি হচ্ছে, “স্বয়ংক্রিয় ডেটা প্রক্রিয়া সিস্টেমের কাজকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া” এবং দুই, “এ ডেটা প্রক্রিয়া সিস্টেম থেকে পরিকল্পিত প্রতারণার মাধ্যমে ডেটা চুরি করা”।

তদন্তটি শুরু হয়েছে এ বছরের জানুয়ারিতে দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে। যাদের একজন ফ্রান্সের পার্লামেন্ট সদস্য ও অন্যজন এক সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

তাদের অভিযোগ, ‘বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে’ ব্যবহার হয়েছে এক্স-এর অ্যালগরিদম বা সফটওয়্যারের কাজের পদ্ধতি। 

তবে এই হস্তক্ষেপ কেমন ছিল বা অ্যালগরিদমটি কীভাবে ব্যবহার হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানায়নি প্রসিকিউটর অফিস।

এ তদন্তে এক্স ও অজ্ঞাত কিছু ব্যক্তি উভয়কেই টার্গেট করেছে আইনজীবীরা। এ সপ্তাহেই আইনজীবীদের নিজস্ব যাচাই-বাছাই ও ফরাসি গবেষক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অতিরিক্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

তবে কী ধরনের ভুল বা অপরাধ হয়েছে সেই বিষয়ে এখনও তারা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।