নতুন সাইবার অপরাধের ঝুঁকি তৈরি করছে মেটাভার্স: ইন্টারপোল
সন্ত্রাসী দলগুলো বাস্তব পৃথিবীর স্থাপনায় হামলার পরিকল্পনা ও অনুশীলনের জন্য মেটাভার্সের ওপর নির্ভর করতে পারে বলে শঙ্কিত ইন্টারপোল।
ভার্চুয়াল জগৎ ‘মেটাভার্সে’ নতুন ধরনের সাইবার অপরাধের সুযোগ তৈরি হতে পারে এবং পুরনো ধাঁচের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
এ সংস্থার প্রযুক্তি ও উদ্ভাবনবিষয়ক নির্বাহী পরিচালক মাদান ওবেরয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মেটাভার্সের সম্ভাব্য অপরাধ কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে শঙ্কিত হয়ে উঠেছে ইন্টারপোলের সদস্য দেশগুলো।
“কিছু অপরাধ এ মাধ্যমে নতুন করে হতে পারে; কিন্তু বিদ্যমান অপরাধ কর্মকাণ্ডগুলো এ মাধ্যমে নতুন মাত্রা পাবে”, রয়টার্সকে বলেন ওবেরয়।
অগমেন্টেড রিয়েলিটি (এআর) আর ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির সংশ্লিষ্টতায় অনলাইনে ধোঁকাবাজি আর প্রতারণার কৌশলেও পরিবর্তন আসতে পারে এবং এক্ষেত্রে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে ওবেরয় মনে করেন।
তিনি বলছেন, ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব জগতের অপরাধকাণ্ড আরও সহজ করে দিতে পারে।
“একটা সন্ত্রাসী দল যদি বাস্তব পৃথিবীর কোনো স্থাপনায় হামলা চালাতে চায়, তবে তারা আক্রমণের আগে এখানে (ভার্চুয়াল জগৎ) পরিকল্পনা ও অনুশীলন করতে পারবে।”
অদূর ভবিষ্যতে সন্ত্রাসী দলগুলো তাদের প্রচার, নতুন সদস্য সংগ্রহ এবং হামলার প্রশিক্ষণের কাজে ভার্চুয়াল জগৎ ব্যবহার করতে পারে বলে এ মাসের শুরুতেই সতর্কবার্তা দিয়েছে ইউরোপোল।
এ সংস্থা বলছে, ব্যবহারকারীরা উগ্রপন্থি নিয়ম-নীতি পরিচালিত নতুন ভার্চুয়াল দুনিয়াও তৈরি করতে পারে এ প্রযুক্তির মাধ্যমে।
এ ক্ষেত্রে মেটাভার্স ভার্চুয়াল জগৎগুলোতে ব্যবহারকারীদের কার্যকলাপ ব্লকচেইনের অন্তর্ভুক্ত করলে, তার মাধ্যমে ‘একজন মানুষের সকল কর্মকাণ্ডের ওপর’ নজর রাখা যেতে পারে এবং অপরাধীদের কর্মকাণ্ড নিয়ে ‘অতি গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়া যেতে পারে বলে ইন্টারপোল মনে করছে।
২০২১ সাল থেকেই আন্তর্জাতিক প্রযুক্তি খাতে নয়া ‘বাজওয়ার্ড’ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মেটাভার্স শব্দটি। এই ভার্চুয়াল জগৎগুলোতেই ইন্টারনেট প্রযুক্তির ভবিষ্যৎ দেখছেন বিনিয়োগকারী ও প্রথমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকে।
নয়া প্রযুক্তি ভাবনাকে পুঁজি করে সামনে এগোতে ২০২১ সালের অক্টোবর মাসেই নাম পাল্টে ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড’ হয়েছে সোশাল মিডিয়া জায়ান্ট ফেইসবুক।
‘মেটাভার্স’ ভাবনাকে ঘিরে বড় পরিসরে প্রচার চালাচ্ছে মেটা; এ খাতে ইতোমধ্যে হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে মার্ক জাকারবার্গের কোম্পানি।
তবে উদ্যোক্তা ও নির্মাতারা এ ভার্চুয়াল জগৎ নিয়ে যে প্রচার চালিয়েছেন. তার খুব সামান্যই বাস্তবে রূপ নিচ্ছে।
এরই মধ্যে বিনিয়োগকারীদের সমর্থন হারাচ্ছে মেটার ভার্চুয়াল জগৎ হরাইজন ওয়ার্ল্ডস। গেল বছরে ব্লকচেইনভিত্তিক ভার্চুয়াল জমি আর ডিজিটাল সম্পদ কিনতে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ থাকলেও বছর ঘুরতে না ঘুরতেই ভাটা পড়েছে তাতে।
