Published : 23 Jul 2025, 02:44 PM
বিশ্বে প্রথমবারের মতো এমন এক হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে চীনা কোম্পানি, যেটি নিজে নিজে চলতে ও প্রয়োজনে ব্যাটারি অদলবদল করতে পারে বলে দাবি তাদের।
চীনের শেনজেনভিত্তিক রোবোটিক্স কোম্পানি ‘ইউবিটেক’ বলেছে, তিন মিনিটেরও কম সময়ে মেশিন বন্ধ না করেই তাদের তৈরি হিউম্যানয়েড রোবটটি স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি বদলাতে পারে। ফলে মানুষের সাহায্য ছাড়াই ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে পারে এটি।
ইউবিটেক ‘হংকং স্টক এক্সচেঞ্জ’-এ তালিকাভুক্ত হওয়া প্রথম হিউম্যানয়েড রোবট নির্মাতা বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিওতে কোম্পানিটি বলেছে, তাদের তৈরি ‘ওয়াকার এস২’ নামের রোবটটি এমনভাবে তৈরি, যেটি বন্ধ না করেই এর ব্যাটারি বদলানো যায়। এ বৈশিষ্ট্যটি এখনও অন্য কোনো হিউম্যানয়েড রোবটে নেই। ফলে, বিশ্বে এটি এ ধরনের সক্ষমতাওয়ালা প্রথম রোবট।
এক্স-এ পোস্ট করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, হেঁটে চার্জিং স্টেশনে গিয়ে নিজের পিঠ থেকে ব্যাটারিটি খুলে নিয়ে চার্জিং ডকে লাগিয়েছে রোবটটি। তারপর নতুন একটি ব্যাটারি নিয়ে সেটি নিজের মধ্যে বসিয়েছে।
চীনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটি নিজেই তার ব্যাটারির চার্জ দেখতে পারে এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি পরিবর্তনও করে। হিউম্যানয়েড রোবটটিতে এমন প্রযুক্তি রয়েছে, যার সাহায্যে এটি নিজের শক্তি সঠিকভাবে ব্যালেন্স করতে এবং ব্যাটারিকে ইউএসবি স্টিকের মতো সহজেই লাগানো ও খুলে নিতে পারে এটি।
এক্স পোস্টে নিজেদের ‘ওয়াকার এস২’ রোবটটিকে ‘বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি বদলাতে সক্ষম হিউম্যানয়েড রোবট’ হিসেবে বর্ণনা করেছে ইউবিটেক। কোম্পানিটি বলেছে, রোবটটি যেন বন্ধ না হয়ে ‘টানা সাত দিন ২৪ ঘণ্টা কাজ’ করতে পারে এমন লক্ষ্য নিয়ে তৈরি করেছে তারা।
এর আগে, কোম্পানিটি বলেছিল, তাদের তৈরি বিভিন্ন হিউম্যানয়েড রোবটকে যাতে কারখানার উৎপাদন লাইনে পরীক্ষা ও ব্যবহারের কাজে লাগানো যায় সেজন্য চীনের বিভিন্ন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতাদের মধ্যে ‘নিও’ ও ‘বিওয়াইড’র সঙ্গে কাজ করছে তারা।
এর আগে, এ বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত ‘এলইএপি ২৫’ নামের এআইবিষয়ক ইভেন্ট অংশ নিয়েছিল নতুন এ রোবটটির আগের সংস্করণ ‘ওয়াকার এস১’। সেখানে রোবটটি দেখিয়েছে, প্যাকেট বা পার্সেল সামলানোর মতো একাধিক কাজ একসঙ্গে করতে পারে।
তবে এখনও ‘ওয়াকার এস২’ রোবটির উৎপাদন বড় পরিসরে শুরুর কোনো লক্ষ্য বা সময়সীমা ঘোষণা করেনি কোম্পানিটি।
চীনের শেনঝেন শহরে এক হাজার ছয়শটিরও বেশি রোবটিক্স কোম্পানি রয়েছে, যারা চীনের বিভিন্ন শিল্পে রোবট প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখছে ইন্ডিপেনডেন্ট।
বিশ্বে যেসব কারখানায় দেশ সবচেয়ে বেশি রোবট ব্যবহার করে সে তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে চীন। এ তালিকায় চীনের পরে রয়েছে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর।
আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশনের ২০২৪ সালের এক প্রতিবেদন অনুসারে, চীনে প্রতি ১০ হাজার কর্মীর জন্য চারশ ৭০টি রোবট ব্যবহৃত হয়, যা জার্মানি ও জাপানের চেয়ে অনেক বেশি। এ দুটি দেশের কর্মী প্রতি রোবটের সংখ্যা যথাক্রমে চারশ ২৯ ও চারশ ১৯ টি।
বিশ্বে রোবট সংক্রান্ত যত আবিষ্কার বা নতুন প্রযুক্তির পেটেন্ট রয়েছে তার তিনটির মধ্যে দুইটি পেটেন্টই চীনের। দেশটির মোট পেটেন্টের সংখ্যা প্রায় এক লাখ ৯০ হাজার।