ক্রিপ্টো চুরির চেষ্টায় মার্কিন কোম্পানিতে হামলা উত্তর কোরীয় হ্যাকারদের
চেইনঅ্যানালাইসিস বলেছে, গত বছর একাধিক আক্রমণের মাধ্যমে উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় ১৭০ কোটি ডলারের সমপরিমাণ ক্রিপ্টো মুদ্রা চুরি করে নিয়ে গেছে।
উত্তর কোরিয়া ‘সরকারের মদদপুষ্ট’ একদল হ্যাকার মার্কিন এক আইটি কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকারদের আসল উদ্দেশ্য ছিল ওই আইটি কোম্পানিকে ব্যবহার করে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কোম্পানিতে আক্রমণ শানানো।
রয়টার্স জানিয়েছে, জুনের শেষে কলোরাডোর লুইজভিলভিত্তিক কোম্পানি ‘জাম্পক্লাউড’-এর সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা কোম্পানির প্রায় পাঁচটি গ্রাহককে শিকার বানানোর চেষ্টা চালায়।
জাম্পক্লাউড এক ব্লগ পোস্টে ওই ঘটনার কথা প্রকাশ করেছে। তবে আক্রান্ত গ্রাহক কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি।
তবে ক্রিপ্টো মুদ্রা হাতিয়ে নেওয়াই যে হ্যাকারদের লক্ষ্য ছিল, জাম্পক্লাউডের পাশাপাশি তাদের সাইবার নিরাপত্তা বিষয়ক সহযোগী কোম্পানি ক্রাউডস্ট্রাইকও তা নিশ্চিত করেছে।
জাম্পক্লাউডের একটি গ্রাহক কোম্পানিকে সেবা দেওয়া গুগল মালিকানাধীন মান্ডিয়ান্টও একই কথা বলেছে।
বিষয়টি জানেন, এমন দুই ব্যক্তি রয়টার্সকে বলেছেন, হ্যাকাররা জাম্পক্লাউডের সেইসব গ্রাহককে নিশানা করেছে, যেগুলো আসলে ক্রিপ্টো কোম্পানি।
রয়টার্স লিখেছে, একসময় ক্ষুদ্র পরিসরে ডিজিটাল মুদ্রা চুরি করা সাইবার চোররা কীভাবে আরও বড় কিছুর দিকে অগ্রসর হচ্ছে, সেটাই দেখা গেছে এই হ্যাকিংয়ের ঘটনায়। তাদের উদ্দেশ্য হল ‘সাপ্লাই চেইন অ্যাটাক’ নামের পদ্ধতি অনুসরণ করে একসঙ্গে অনেক কোম্পানিকে আক্রান্ত করা।
মার্কিন কোম্পানি ‘সেনটেনিয়েলওয়ান’-এ কর্মরত টম হেগেল বলেন, "আমার মতে, উত্তর কোরিয়ার নজর এখন বড় শিকারের দিকে।”
রয়টার্স জানিয়েছে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তারা জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পায়নি।
এর আগেও ডিজিটাল অর্থ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তবে পিয়ংইয়ং কখনোই তা স্বীকার করেনি।
জাম্পক্লাউডে সাইবার হামলা চালিয়েছিল ‘ল্যাবিরিন্থ চোলাইমা’ নামের একটি হ্যাকার দল, যাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সরকারের হয়ে বিভিন্ন সাইবার অপরাধে যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে।
মান্ডিয়ান্ট বলছে, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা রিকনাইসেন্স জেনারেল ব্যুরোর হাত রয়েছে ওই হামলার পেছনে।
রয়টার্স লিখেছে, তারা এ বিষয়ে মার্কিন সাইবার নিয়ন্ত্রক সংস্থা সিআইএসএ এবং এফবিআইয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলেও তারা কোনো জবাব দেয়নি।
বিভিন্ন ডিভাইস ও সার্ভারে নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে জাম্পক্লাউডের পণ্যগুলো ব্যবহৃত হয়। এ মাসের শুরুতে তারা ইমেইলের মাধ্যমে গ্রাহকদের জানায়, ‘নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায়’ ক্রেডেনশিয়ালে পরিবর্তন আনা হতে পারে। আর তখনই হ্যাকিংয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।
একটি ব্লগপোস্টে জাম্পক্লাউড জানিয়েছে, গত ২৭ জুন সাইবার হামলার ওই ঘটনা ঘটে বলে তারা অনুসন্ধানে জানতে পেরেছে। আর সাইবার নিরাপত্তা বিষয়ক পডকাস্ট রিস্কি বিজনেস এ সপ্তাহের শুরুতে ওই ঘটনায় উত্তর কোরিয়ার জড়িত থাকার কথা প্রকাশ করে।
ল্যাবিরিন্থ চোলাইমা উত্তর কোরিয়ার অন্যতম দুর্ধর্ষ সাইবার অপরাধী গোষ্ঠী। সেখান থেকে চালানো বড় অনেক সাইবার আক্রমণের পেছনে দলটিকে দায়ী করা হয়।
তাদের চুরি করা ক্রিপ্টো মুদ্রার পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারো। ব্লকচেইন বিশ্লেষক কোম্পানি চেইনঅ্যানালাইসিস বলেছে, গত বছর একাধিক আক্রমণের মাধ্যমে উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় ১৭০ কোটি ডলারের সমপরিমাণ ক্রিপ্টো মুদ্রা চুরি করে নিয়ে গেছে।
ক্রাউডস্ট্রাইকের নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডাম মেয়ারস বলেন, পিয়ংইয়ংয়ের হ্যাকিং স্কোয়াডকে ছোট করে দেখার সুযোগ নেই।
"আমি মনে করি না এটাই এবছরে উত্তর কোরিয়ার সর্বশেষ সাপ্লাই চেইন আক্রমণ," বলেন তিনি।
