২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাটজিপিটি প্লাসকে টেক্কা দিতে ‘নতুন প্ল্যান’ মাইক্রোসফটের

প্ল্যানটিতে শুধু এআই মডেল নয়, অফিস অ্যাপস ও এক টেরাবাইট ওয়ানড্রাইভ স্টোরেজও থাকছে যা মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের অংশ।

চ্যাটজিপিটি প্লাসকে টেক্কা দিতে ‘নতুন প্ল্যান’ মাইক্রোসফটের
‘মাইক্রোসফট ৩৬৫ প্রিমিয়াম’ নামে এই প্ল্যানের মাসিক খরচ হবে ২০ ডলার। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

মাইক্রোসফট তাদের সাবস্ক্রিপশন তালিকায় নতুন আরেকটি প্ল্যান যোগ করেছে। ‘মাইক্রোসফট ৩৬৫ প্রিমিয়াম’ নামে এই প্ল্যানের মাসিক খরচ হবে ২০ ডলার। 

এখানে পাওয়া যাবে কোম্পানির স্ট্যান্ডার্ড অফিস প্রোডাক্টিভিটি স্যুটের পাশাপাশি ওপেনএআইয়ের সর্বশেষ মডেলগুলোর অ্যাক্সেস এবং এআই ব্যবহারের বর্ধিত সুবিধা।

মাইক্রোসফট এই প্ল্যানটিকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্লাস থেকে বেশি মূল্যবান সাবস্ক্রিপশন হিসেবে দেখাচ্ছে। এর অন্যতম কারণ, এখানে শুধু এআই মডেল নয়, অফিস অ্যাপস ও এক টেরাবাইট ওয়ানড্রাইভ স্টোরেজও থাকছে যা মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের অংশ।

এদিকে স্বস্তির খবর, মাইক্রোসফট এখনও তাদের জনপ্রিয় এমএস ৩৬৫ পার্সোনাল এবং এমএস ৩৬৫ ফ্যামিলি প্ল্যানের দাম বাড়াচ্ছে না। যদিও কোম্পানিটি সম্প্রতি ‘গেইমপাস আল্টিমেট’ সাবস্ক্রিপশনের দাম বাড়িয়ে মাসিক ৩০ ডলার করেছে, ফলে এটি নিয়ে গেইমারদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, নতুন এই প্ল্যান মাইক্রোসফটের অফারগুলোকে কিছুটা সহজ করেছে। আগে যারা কম খরচের প্ল্যান ব্যবহার করতেন তাদের এআই ব্যবহারের সীমা বাড়াতে আলাদাভাবে ‘কোপাইলট প্রো’ সাবস্ক্রিপশন নিতে হতো, যার খরচও ছিল ২০ ডলার মাসিক।

তবে এখন মাইক্রোসফট বলছে, ‘কোপাইলট প্রো’ আর কেনা যাবে না, যদিও যারা আগে থেকে ব্যবহার করছেন তারা নিরবচ্ছিন্নভাবে ব্যবহার চালিয়ে যেতে পারবেন। তবে সেটি ‘প্রিমিয়াম’ প্ল্যানে স্থানান্তর করা হবে না।

কোম্পানির মতে, মাইক্রোসফট ৩৬৫ প্রিমিয়াম ব্যবহারকারীরা পাবেন জিপিটি ৫ এবং জিপিটি ৪ও মডেলের অ্যাক্সেস, সঙ্গে অ্যাকশনস, রিসার্চার এবং অ্যানালিস্টের মতন এআই এজেন্ট।

এটি সরাসরি তুলনাযোগ্য ওপেনএআইয়ের প্ল্যানের সঙ্গে, যেখানে ব্যবহৃত হয় চ্যাটজিপিটি এজেন্টস। এ ছাড়া প্রিমিয়াম ব্যবহারকারীরা নতুন এআই ফিচারগুলো প্রথমে পরীক্ষার সুযোগ পাবেন, তবে তারা ওপেনএআইয়ের কাস্টম জিপিটি বা সোরা ভিডিও জেনারেশন ব্যবহার করতে পারবেন না।