ক্রিকেটারকে ‘খালিস্তানি’ বলায় উইকিপিডিয়াকে সমন ভারতের
এশিয়া কাপের সুপার ফোরে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচে বেশ কিছু ভুল করা আর্শদিপ সিংহের উইকিপিডিয়া পেইজ সংশোধন করে লেখা হয় তিনি ‘খালিস্তানের’ হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেটার আর্শদিপ সিংহের উইকিপিডিয়া পেইজকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত করায় সামাজিক মাধ্যমটির কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছে ভারত।
সোমবার উইকিপিডিয়া কর্মকর্তাদের এই ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সমন জারি করে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
ক্রিকেটার আর্শদিপ সিংহের পেইজে এই ‘সংশোধন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কনিষ্ঠ মন্ত্রী।
তার দাবি, এই ঘটনার পেছনে কিছুসংখ্যক পাকিস্তানীর হাত আছে, যারা দক্ষিণ এশিয়ায় শান্তি নষ্ট করার চেষ্টা করছেন।
রোববার এশিয়া কাপের সুপার ফোরে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচে বেশ কিছু ভুল করা সিংহের উইকিপিডিয়া পেইজ সংশোধন করে লেখা হয় তিনি ‘খালিস্তানের’ হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
শিখ সম্প্রদায়ের ‘সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে খালিস্তানের দাবি করে আসছে কয়েকটি শিখ বিচ্ছিন্নতাবাদী দল।
“কোনো স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি ছাড়া, ৫০ লাখেরও বেশি ব্যবহারকারীর দেশে সেবাটি কীভাবে এই ধরনের ইচ্ছাকৃতভাবে দেওয়া ভুল তথ্যের প্রচারণা চালাতে পারে?” --টুইট করেছেন ভারতের কনিষ্ঠ তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজিভ চন্দ্রশেখর।
“নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট প্রশ্নে এই ধরনের কাজ আমাদের সরকারের প্রত্যাশার পরিপন্থী।”
এই ঘটনার পর সংশোধিত অংশগুলো সরিয়ে ফেলেছে উইকিপিডিয়া।
গত বছর আইটি নীতিমালায় বিদেশী কোম্পানির স্থানীয় দায়িত্বশীল ব্যক্তির নিয়োগ এবং তাদের জবাবদিহিতার বাধ্যবাধকতা রেখে নতুন আইন প্রণয়ন করেছে ভারত।
মেটা, গুগল, টেলিগ্রাম, লিংকডইনসহ বেশ কয়েকটি কোম্পানি এই আদেশ পুরোপুরি বা আংশিকভাবে মেনে নিলেও তারা এই সব নীতিমালার শিথিলতার দাবি করে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
সাম্প্রতিক বছরগুলোয় উইকিপিডিয়ায় এমন ঘটনা সোমবারই প্রথম ঘটল।
অবৈতনিক স্বেচ্ছাসেবকদের হাতে সংকলন ও সংশোধনের মাধ্যমে গড়ে ওঠা উইকিপিডিয়া এবারই দক্ষিণ এশিয়ার বাজারে বিপদে পড়ল বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
