Published : 21 Dec 2022, 03:47 PM
এখন ম্যাক ডেস্কটপ কম্পিউটারও নিজ হাতে সারাই করতে পারবেন অ্যাপলের কম্পিউটারটির ক্রেতারা। সম্প্রতি, এম১-চিপনির্ভর ম্যাক কম্পিউটারকে ‘সেলফ-সার্ভিস রিপেয়ার প্রোগ্রামের’ অন্তর্ভূক্ত করেছে অ্যাপল।
নিজস্ব ‘স্টুডিও ডিসপ্লে’ও একই প্রকল্পের অন্তর্ভূক্ত করেছে মার্কিন এই নির্মাতা।
যুক্তরাষ্ট্রে আইম্যাক, ম্যাক মিনি এবং ম্যাক স্টুডিওর ক্রেতারা এখন সরাসরি অ্যাপলের কাছ থেকে যন্ত্রাংশ কিনে নিজের ডিভাইস নিজেই সারাই করার চেষ্টা করতে পারবেন।
তবে, নিজের ম্যাক কম্পিউটার নিজেই সারাই করতে চাইলে ক্রেতাকে অবশ্যই অ্যাপলের ওয়েবসাইটে থাকা ‘রিপেয়ার ম্যানুয়াল’-এর সহযোগিতা নিতে হবে বলে উল্লেখ করে দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
হার্ডওয়্যার সারাইয়ের অভ্যাস আছে, বেশ জটিল যন্ত্রাপাতি ব্যবহারের দক্ষতা আছে এবং খরচ করার জন্য হাতে বাড়তি সময় আছে– কেবল এমন ক্রেতাদেরই নিজের ম্যাক কম্পিউটার নিজে সারাই করার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছে সাইটটি।
তবে, ম্যাক ব্যবহারকারী এর সবকিছুতে রাজি হলেও যন্ত্রাংশের দাম দেখে আগ্রহ হারাতে পারেন বলে লিখেছে ভার্জ।
স্টুডিও ডিসপ্লের বেলায় এর মূল প্যানেল পাল্টাতে চাইলে তার জন্য খরচ করতে হবে ৯৬৭ ডলার; নষ্ট ডিসপ্লে অ্যাপলকে ফেরত দিলে সেই খরচ নেমে আসবে ৮৭৯ ডলারে।
সারাইয়ের জন্য যে টুলকিট লাগবে, সেটি ভাড়ায় নিলে খরচ হবে ৪৯ ডলার করে। তবে, টুলগুলো ফেরত দেওয়ার পর ‘সিকিউরিটি মানি’ ফেরত পাবেন ব্যবহারকারী।
আইম্যাক আর ম্যাক স্টুডিওর আলাদা আলাদা যন্ত্রাংশের দাম জানতে খোঁজ করতে হবে ডিভাইস এবং যন্ত্রাংশের সিরিয়াল নম্বর ব্যবহার করে।
অ্যাপল হার্ডওয়্যার ক্রেতাদের জন্য নিজের ডিভাইস নিজেই সারাই করার সেবা চালু করেছে এ বছরেই; প্রথমেই এর অন্তর্ভূক্ত হয়েছে সর্বশেষ সংস্করণের আইফোনগুলো। অগাস্ট মাসে ল্যাপটপ কম্পিউটারের জন্য একই সেবা চালু করেছে অ্যাপল।
কিন্তু ক্রেতার নিজের ডিভাইস নিজেই সারাই করার অধিকার নিয়ে সোচ্চার আইফিক্সইট বলছে, অ্যাপল ইচ্ছা করে এ প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতা জুড়ে দিয়েছে। ডিভাইস সারাই শেষে তা অ্যাপলের মান অনুযায়ী কার্যক্ষম কি না, সে বিষয়টিও যাচাই করে নিতে হয় আইফোন নির্মাতার কাছ থেকে।