২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন-মৃত্যুর মতো সিদ্ধান্তেও এআইয়ে ভরসা মানুষের: গবেষণা

প্রযুক্তির মাধ্যমে মানুষ কত সহজেই প্রভাবিত হতে পারে তা নিয়ে উদ্বেগ উঠে এসেছে এ গবেষণায়, বিশেষ করে বেশি ঝুঁকির বিষয়গুলোতে।

জীবন-মৃত্যুর মতো সিদ্ধান্তেও এআইয়ে ভরসা মানুষের: গবেষণা
ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 02:58 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

এআইয়ের প্রতি মানুষের উদ্বেগজনক প্রবণতাকে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়। বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা জীবন-মৃত্যুর মতো পরিস্থিতিতেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপর আস্থা রাখছে মানুষ।

সম্প্রতি ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া মার্সেড’-এর গবেষণায় দেখা গেছে, এআইয়ের সক্ষমতা সীমিত ও এর পরামর্শ ভুল হতে পারে এমন সতর্কবার্তার পরও প্রায় দুই-তৃতীয়াংশ অংশগ্রহণকারী এক রোবটের পরামর্শের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত বদলেছেন।

সত্যিকার অর্থেই এআইয়ের এসব পরামর্শ সম্পূর্ণ এলোমেলো ছিল বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। প্রযুক্তির মাধ্যমে মানুষ কত সহজেই প্রভাবিত হতে পারে তা নিয়ে উদ্বেগ উঠে এসেছে এ গবেষণায়, বিশেষ করে বেশি ঝুঁকির বিষয়গুলোতে।

এআইয়ের উপর ক্রমবর্ধমান নির্ভরতা সম্পর্কে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন ইউসি মার্সেড-এর ‘কগনিটিভ অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস’ বিভাগের অধ্যাপক ও এ গবেষণার প্রধান কলিন হলব্রুক।

“এআইয়ের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে এর প্রতি আমাদের অতিরিক্ত আস্থার ঝুঁকি সম্পর্কেও সচেতন হওয়া দরকার।”

সমীক্ষায় দেখা গেছে, এআইকে যতটা বিশ্বাস করা উচিত তার চেয়েও বেশি বিশ্বাস করেন মানুষ। এমনকি জীবন-মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে যেখানে ছোট একটি ভুলের জন্য বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ। এতে দুটি বিষয় নিয়ে পরীক্ষা করেছেন গবেষকরা, যেখানে একটি সশস্ত্র ড্রোনের সিমুলেশন নিয়ন্ত্রণ করেছেন অংশগ্রহণকারীরা।

এখানে সিমুলেশনের মানে হচ্ছে সত্যিকারের ঘটনার অনুরূপ পরিস্থিতি তৈরি করা যেখানে সত্যি ঘটনার মতো ক্ষয়ক্ষতি হয় না। উদাহরণ হিসাবে বলা যায়, যুদ্ধের গেইম কখনও কখনও যুদ্ধের সিমুলেশন।

এই সশস্ত্র ড্রোনটির মাধ্যমে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় অংশগ্রহণকারীদের।

এই সিমুলেশন চলাকালীন কম সময়ের জন্য সম্ভাব্য মিত্র বা শত্রুকে চিহ্নিত করতে আটটি ছবি দেখানো হয় অংশগ্রহণকারীদের। এরপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অংশগ্রহণকারীদের নির্ভর করতে হয়েছিল নিজেদের স্মৃতির উপর।

প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পর অংশগ্রহণকারীরা একটি রোবট থেকে ইনপুট পান, যেখানে রোবটটি এ বিষয়ে তার নিজস্ব সিদ্ধান্ত জানায়। এখানে রোবটটি অংশগ্রহণকারীর পছন্দের সঙ্গে একমতও হয়নি আবার দ্বিমত পোষণও করেনি। রোবটটি কেবল “আমি আশা করি আপনি সঠিক” বা “আপনার মন পরিবর্তন করার জন্য আপনাকে ধন্যবাদ” এর মতো মন্তব্য করেছে।

রোবটের এমন এলোমেলো পরামর্শ ও সীমাবদ্ধতা সম্পর্কে অংশগ্রহণকারীদের জানা থাকা সত্ত্বেও এ গবেষণায় দুই-তৃতীয়াংশ অংশগ্রহণকারী নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করার অনুমতি দেয় রোবটটিকে।

রোবটটি দ্বিমত পোষণ করলে অনেক অংশগ্রহণকারীও নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। রোবটের পরামর্শের পর প্রাথমিকভাবে অংশগ্রহণকারীদের নিজস্ব সিদ্ধান্ত ৭০ থেকে প্রায় ৫০ শতাংশে নেমে আসে। যা থেকে ইঙ্গিত মেলে, এআইয়ের ইনপুটকে বেশি বিশ্বাস করছেন অংশগ্রহণকারীরা। এমনকি এআইয়ের উত্তর সঠিক না হলেও।

জীবনে চলার পথে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইতে আমাদের কতটা আস্থা রাখা উচিত তা নিয়ে চলমান আলোচনায় আরও রশদ যুগিয়েছে এ গবেষণা।

“আমরা এআইকে নানা অসাধারণ কাজ করতে দেখছি। তাই আমাদের ধারণা, কোনো একটি কাজ এআই বিস্ময়করভাবে করতে পারলে অন্য কাজও করতে পারবে। তবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। কারণ, এই ধরনের সিস্টেমের সক্ষমতা এখনও সীমিত।”