নতুন কল অফ ডিউটির সঙ্গে আসছে যাচাই ব্যবস্থা
“একজন ব্যক্তির তৈরি বিনামূল্যের অ্যাকাউন্ট সংখ্যা সীমিত করার পাশাপাশি গেইমারের কার্যক্রমে জবাবদিহিতায় এটি সাহায্য করবে।” -- সাপোর্ট পেইজে লিখেছে অ্যাক্টিভিশন ব্লিজার্ড।
আসন্ন ‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’ গেইম খেলতে ‘ব্যাটল ডটনেট’ ওয়েবসাইটে ফোন নাম্বারের মাধ্যমে নিবন্ধন করতে হবে গেইমারদের।
প্রযুক্তিবিষয়ক সাইট পিসিগেইমারের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ‘ওভারওয়াচ ২’ গেইমাররা যে সমস্যায় পড়েছেন, তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ২৮ অক্টোবর, শুক্রবার প্রকাশিতব্য গেইমটিতে।
ব্যাটল ডটনেট অ্যাকাউন্টে মোট তিনটি গেইমের জন্য ‘ফোন নাম্বার যোগ করার বাধ্যবাধকতা’ আরোপ করার কথা উল্লেখ রয়েছে এর সাপোর্ট পেইজ। আসন্ন ‘সিওডি’ শুটার গেইমের পাশাপাশি তালিকায় থাকা অন্য দুটি গেইম হলো ‘ওভারওয়াচ ২’ ও ২০১৯ সালের ‘মডার্ন ওয়ারফেয়ার’।
এই ফোন নাম্বার ভেরিফিকেশন ব্যবস্থাকে ‘এসএমএস প্রটেক্ট’ নামে ডাকছে নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড। অনলাইনে গেইমারদের ‘বাজে আচরণ’ কমানোর পাশাপাশি নিষেধাজ্ঞা বা প্রতারণা এড়াতে অসংখ্য নতুন অ্যাকাউন্ট তৈরি করা থেকে তাদের বাধা দেবে এটি।
“একজন ব্যক্তির তৈরি করা বিনামূল্যের অ্যাকাউন্ট সংখ্যা সীমিত করার ব্যবস্থা গেইমারের কার্যক্রম জবাবদিহিতায় সাহায্য করবে।” --সাপোর্ট পেইজে লিখেছে অ্যাক্টিভিশন ব্লিজার্ড।
“এর ফলে, বাজে আচরণ ও প্রতারণা কমে আসার পাশাপাশি সকল গেইমারের জন্য একটি ইতিবাচক কমিউনিটি অভিজ্ঞতা নিশ্চিত করবে।”
তবে সমস্যা হলো, কেবল টেক্সট-সক্রিয় মোবাইল ফোনের কথা বিবেচনা করে তৈরি হয়েছে এসএমএস প্রটেক্ট। ফলে, সকল ফোন নাম্বার সমানভাবে দেখে না এটি।
ব্যাটল ডটনেটের আলাদা একটি সাপোর্ট পেইজ বলছে, “প্রিপেইড পরিকল্পনায় থাকা মোবাইল ফোনে নোটিফিকেশন সেবা কাজ না-ও করতে পারে।”
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী ‘ভিওআইপি’ নাম্বারেও কাজ করে না এই সেবা। ফলে, সেবাটি কেবল পোস্টপেইড সেলুলার সেবাতেই সীমিত। এতে বিশ্বের বিভিন্ন গেইমারের জন্য এটি হয়তো সাশ্রয়ী বা সহজে প্রবেশযোগ্য হবে না।
গত মাসে পিসিগেইমারকে ‘মডার্ন ওয়ারফেয়ার ২’ বেটা সংস্করণের এক গেইমার বলেছেন, গেইম শুরু করতে তাদের কাছে একটি ‘পোস্ট পেইড ফোন নাম্বার’ চায় সাইটটি। এ ছাড়া, প্রিপেইড ‘ক্রিকেট ওয়্যারলেস’ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত কোনো ফোন নাম্বার গ্রহনেও অস্বীকৃতি জানাচ্ছে ব্যাটল ডটনেট।
“গেইমারদের গেইম খেলার অনুমতি দেওয়ার আগেই একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বাধ্যবাধকতা একটি বড় ভুল বলে মনে হচ্ছে।” - ম্যাগাজিনকে বলেন ওই গেইমার।
গেইম খেলতে গেইমারের ফোন নাম্বার দেওয়ার বিষয়টি একেবারে নতুন কিছু নয়। এর আগে ‘ডোটা ২’ ও ‘রেইনবো সিক্স সিজ’ দুটো গেইমেই এর প্রয়োজন পড়েছিল। তবে, আগের ঘটনাগুলোতে প্রিপেইড ফোন নম্বর নিয়ে এতো বিশদ আলোচনা হয়নি।
ভার্জকে এক গেইমার জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে সফলভাবে ‘ডোটা ২’ গেইম খেলা একই নাম্বার প্রবেশ করিয়ে ‘ওভারওয়াচ ২’ গেইমটি খেলতে পারছেন না তিনি।
‘মডার্ন ওয়ারফেয়ার ২’ খেলতে ব্যাটল ডটনেট ও স্টিম দুটোতেই ফোন নাম্বার দেওয়ার বাধ্যবাধকতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড রাখবে কি না, সেটি এখনও পরিষ্কার নয়। তবে, দুটো ডিজিটাল স্টোরেই মিলবে গেইমটি।
ভার্জের প্রতিবেদন বলছে, রেডিটে কয়েকজন জানিয়েছেন, স্টিমের মাধ্যমে গেইমটির বেটা সংস্করণ খেলার চেষ্টা করলে তাদের কাছে ফোন নাম্বার চাইছে সাইটটি। তবে, অনেকে এটি নাকচও করেছেন। এখন কেবল ব্যাটল ডটনেটেই মিলছে ‘ওভারওয়াচ ২’।
অ্যাক্টিভিশন ব্লিজার্ড বলেছে, ‘ওভারওয়াচে’র প্রথম সংস্করণ খেলা গেইমারদের মধ্যে যাদের ব্যাটল ডটনেট অ্যাকাউন্ট আছে তাদের জন্য ‘ওভারওয়াচ ২’ গেইমের ‘এসএমএস প্রটেক্ট’ ব্যবস্থা শিথিল করছে তারা।
‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’ গেইমারদের বেলায় একই ধরনের সুবিধা মিলবে কি না, সেটি পরিষ্কার নয়। এই প্রসঙ্গে ভার্জ অ্যাক্টিভিশন ব্লিজার্ডের অবস্থান জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
