এক্সপি সাপোর্ট বন্ধে বাড়ছে ঝুঁকি
মঙ্গলবার বন্ধ হচ্ছে বহুল ব্যবহৃত উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য সব ধরনের সাপোর্ট।
অপারেটিং সিস্টেমটির জন্য আর কোনো ধরনের আপডেটই ছাড়বে না সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত এক্সপি চালিত কম্পিউটারগুলোর জন্য বিভিন্ন দেশের সরকার মাইক্রোসফটের সঙ্গে আলাদা চুক্তি করে নিলেও ব্যাপক সাইবার ঝুঁকির মুখে পড়তে পারেন সাধারণ ব্যবহারকারীরা।
বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের মধ্যে শতকরা ২০-২৫ ভাগ ব্যবহারকারী এখনও এক্সপি অপারেটিং সিস্টেমই ব্যবহার করছেন।
এক্সপি বাজারে আসে ২০০১ সালে। এখন পর্যন্ত রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত কম্পিউটারে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছে একাধিক দেশের সরকার।
মাইক্রোসফট বাণিজ্যিকভাবে এক্সপির জন্য সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দিলেও প্রতিষ্ঠানটির সঙ্গে প্রলম্বিত চুক্তিতে এসেছে বিভিন্ন দেশের সরকার। এর মধ্যেই সিকিউরিটি আপডেটের জন্য মাইক্রোসফটের সঙ্গে ৫৫ লাখ পাউন্ডের চুক্তিতে এসেছে ব্রিটিশ সরকার। একই পন্থা অবলম্বন করছে ডাচ সরকারও।
বিভিন্ন দেশের সরকার প্রলম্বিত চুক্তির মাধ্যমে সাইবার সিকিউরিটি সমস্যার আপাত সমাধান করলেও বিপাকে পড়তে যাচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ এক্সপির জন্য সর্বশেষ সিকিউরিট প্যাচ আসছে ৮ মার্চ। এরপর থেকে সাধারণ ব্যবহারকারীরা ব্যাপক সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়বেন বলে মন্তব্য করেছেন সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি ল্যাবের জ্যেষ্ঠ বিশ্লেষক ডেভ এম।
সর্বশেষ সিকিউরিটি প্যাচটি সম্প্রতি আবিষ্কৃত কয়েকটি বাগ সমস্যার সমাধান করবে। এর মধ্যে একটি বাগ মার্চ মাসের শেষ দিকে আবিষ্কৃত হলেও এর মধ্যেই বাগটির সুযোগ নিচ্ছে বিপুল সংখ্যক সাইবার অপরাধী।
এদিকে জার্মান এভি-টেস্ট গ্রুপ সদস্য মাইক মরগেনস্টার্ন আর আন্ড্রিয়াস মার্কস জানিয়েছেন, সাইবার আক্রমণের ভিকটিমদের তালিকায় এখন শীর্ষে আছেন এক্সপি ব্যবহারকারীরা।
