২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেস্টেশন ৪ মজুদ শেষ হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ২৪ ঘণ্টাতেই ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ৪-এর বিক্রি ছাড়িয়েছিল ১০ লাখ। যুক্তরাজ্যেও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাজ্যের বাজারে বিক্রি শুরু হতে না হতেই গেইমিং ডিভাইসটির মজুত শেষের পথে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:16 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বড়দিনের আগেই প্লেস্টেশনের নতুন মডেলটি হাতে পাওয়ার জন্য আগের রাত থেকেই বিক্রয় কেন্দ্রের সামনে জড়ো হওয়া শুরু করেন গেইমাররা।

চাহিদা মেটাতে বিক্রয় কেন্দ্রগুলোতে গেইমিং কনসোলটি বিক্রি করা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। এর পরও ক্রেতাদের চাহিদার সঙ্গে মিল রেখে সরবরাহ করতে পারছে না সনি।

ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন ডটকম জানিয়েছে, ১৩ নভেম্বরের পর যারা কনসোলটির প্রিঅর্ডার করেছেন, বড়দিনের আগে ডিভাইসটি তাদের হাতে পাওয়ার সম্ভাবনা নেই।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে গেইমিং কনসোলটির মজুত শেষের পথে বলে নিশ্চিত করেছেন সনির এক মুখপাত্র। সনির ওই মুখপাত্র বলেন, “আমাদের মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।”