২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রিতে মিলিয়নের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে মাইক্রোসফটের ‘যুন’

জুনের মধ্যে ১ মিলিয়ন বা ১০ লক্ষ ডিজিটাল মিউজিক প্লেয়ার ‘যুন’ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিল ডিভাইসটি তৈরির প্রতিষ্ঠান মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

প্রায় ১ মাস আগেই লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়েছে বিশ্বের সবচে’ ধনী এই প্রতিষ্ঠানটি। সোমবার যুক্তরাষ্ট্রের গনমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

মাইক্রোসফটের বিনোদন ও ডিভাইস বিভাগের প্রধান রবি ব্যাচ বলেন, হার্ডডিস্ক ভিত্তিক বিনোদন যন্ত্রের ১০ শতাংশ বিশ্ববাজার এখন যুনের দখলে। শুরু হিসেবে এটা একেবারে মন্দ নয়। তবে আহামরি কোনও সাফল্য যে এটা নয় তা স্বীকার করেছেন মাইক্রোসফটের এই উর্ধ্বতন কর্মকর্তা।

যুনের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইপড প্রথম ১৪ মাসে বিক্রি হয়েছিল৬ লক্ষ কপি। এই দিক বিবেচনায় যুনের বিক্রি বেশ ভালো। কিন্তু অন্য আরেকটি বাজার পরিসংখ্যানে দেখা যায়, শেষ ১৪ মাসে যুন যেখানে বিক্রি হয়েছে ১ মিলিয়ন, একই সময়ে আইপড বিক্রি হয়েছে ২৫ মিলিয়নেরও কিছু বেশি।

অ্যাপলের সঙ্গে বাজারে লড়াই করতে যুনকে অনেক কাঠখড় পোড়াতে হবে এমন মন্তব্য করেছেন কয়েকজন প্রযুক্তি-বাজার বিশেষজ্ঞ।

তবে খুব শিঘ্রই চমৎকার ডিজাইন নিয়ে যুনের নতুন সংস্করণ বাজারে আসতে যাচ্ছে। সেক্ষেত্রে বাজারেও চমক দেখাতে পারে বিশ্বের বৃহত্তম সফটঅয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।