সিমেনটেকের বিরুদ্ধে মামলা ঠুকলেন চীনের এক আইনজীবী
কম্পিউটারের নিরাপত্তাজনিত সফটঅয়্যার তৈরিতে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠান সিমেনটেকের বিরুদ্ধে মামলা করেছেন চীনের এক আইনজীবী লুই সিহিউই। বৃহস্পতিবার লুই এই মামলা দায়ের করেছেন।
লুই এ মাসের ১৮ তারিখে সিমেনটেকের তৈরি এন্টি-ভাইরাস ‘নরটন’ কম্পিউটারে হালনাগাদ করতে গেলে তার কম্পিউটারটি বিকল হয়ে যায়। ফলশ্রুতিতে ২১৩ মার্কিন ডলার আর্থিক ক্ষতির মুখে পরেন লুই। চীনের গুয়াঙডঙ প্রদেশের হংমেইন আইনী প্রতিষ্ঠানে কর্মরত এই আইনজীবী ক্ষতির সমপরিমান মূল্যের ক্ষতিপূরন চেয়ে গুয়নজু ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে মামলা দায়ের করেছেন।
সিমেনটেকের ভুলেই এ মাসের ১৮ তারিখ বিকেলে চীনের কয়েক লক্ষ নরটন ব্যবহারকারী এন্টি-ভাইরাস সফটঅয়্যারটি হালনাগাদ করতে গিয়ে এই বিড়ম্বনায় পড়ে।
লুই দাবী করেন, মে মাসের ২০ তারিখে সিমেনটেক তার কম্পিউটারটি সারিয়ে তুলতে অস্বীকৃতি জানালে তিনি একজন যন্ত্রকারিগর এনে সেটি ঠিক করান। তিনি নরটনের একজন আইনসম্মত ব্যবহারকারী এবং তার মেয়াদ ২০০৮ সালের ১ মে পর্যন্ত হালনাগাদ করা।
১৮ তারিখের দূর্ঘটনার পর সিমেনটেকের চীন কার্যালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা দূর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করলেও ক্ষতিপূরণ নিয়ে কোনও কথা বলেন নি।
এদিকে চীনের আরেক ল্যাপটপ ব্যাবহারকারী তথ্য নষ্ট হবার অভিযোগে সিমেনটেকের বিরূদ্ধে ৫০ হাজার উনের ক্ষতিপূরণ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
