রেজর সিরিজের নতুন স্মার্ট ফোন অবমুক্ত করলো মটরোলা
বাজার মাত করা হ্যান্ডসেট ‘রেজর’ এর পরবর্তী সংস্করন অবমুক্ত করেছে মটরোলা। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মটরোলার প্রধান নির্বাহি অ্যাডওয়ার্ড জে জেন্ডার নতুন ‘রেজর ২’ সেটটির পরিচয় ও নির্মান শৈলী বর্ননা করেন। যুক্তরাষ্ট্রের একাধিক গনমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
মটরোলার এবারের সেটটি তৈরিতে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এটি অনেকটা পূর্ববর্তী মডেল ‘মটরোলা কিউ’ এর মতোই দেখতে।
রেজর ২ হ্যান্ডসেটটিকে জনপ্রিয় সেট ‘ব্ল্যাকবেরি’র প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন কেউ কেউ। কারন ব্ল্যাকবেরির মতো এই সেটেও রয়েছে গান শোনা, ভিডিও দেখা এবং গেম খেলার সুবিধা।
‘রেজর ২’ মটরোলার আগের যে কোনো মডেলের তুলনায় পাতলা ও হালকা। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ‘ক্রিস্টালটক’ প্রযুক্তি। ফলে গ্রাহকরা অপেক্ষাকৃত স্পষ্ট কথা শুনতে পাবে। এছাড়াও থাকছে ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল এবং ২ গিগাবাইটের ইন বিল্ট মেমোরি। সেটের মধ্যেই প্রায় এক হাজার গান ধারনক্ষমতা রয়েছে।
বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ইন্টারনেট ব্রাউজিং সুবিধা।
