২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে চালু হচ্ছে তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট

ভারতের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান টাটা গ্রুপের মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘ভিদেশ সঞ্চার নিগম লিমিটেড’ বা ভিএসএনএল তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর উদ্যোগ নিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

শুধু ভারতেই নয়, গ্রাহকরা যখন বিদেশে অবস্থান করবেন তখনও এই সুবিধা ভোগ করতে পারবেন। ভারতের একটি সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

দেশের মধ্যে যেসব স্থানে ভিএসএনএলের তারহীন নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে গ্রাহকরা আপাতত সেসব স্থানে এই সুবিধা ভোগ করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীরা অভিন্ন ঠিকানা ও পরিচয় ব্যবহার করবেন।

সিঙ্গাপুরের দ্বিতীয় বৃহত্তম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্টারহাব’ ভিএসএনএলের এই পরিসেবায় কারিগরি সহায়তা দিচ্ছে। পরবর্তীতে স্টারহাব স্থাপিত নেটওয়ার্কের আওতাধীন যে কোনও স্থানে ভিএসএনএলের গ্রাহকরা ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন।

এদিকে ভারতজুড়ে স্থাপিত টাটা ইন্ডিকমের প্রায় ২শ’ হটস্পট থেকে ভিএসএনএলের ওয়াই-ফাই যোগাযোগ সুবিধা দেয়া হচ্ছে।

ভিএসএনএলের বিপনন ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্রাতিক পাসিন বলেন, খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য ওয়াই-ফাই অপারেটরদের সঙ্গে ভিএসএনএলের আন্তযোগাযোগ চুক্তি সম্পন্ন হবে। তখন প্রতিষ্ঠানটির গ্রাহকরা বিশ্বের যেখানেই অবস্থান করুক, অভিন্ন ঠিকানা ও পরিচয় ব্যবহার করে এই পরিসেবা ভোগ করতে পারবেন।