২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ শক্তির অপচয় রোধে নকিয়ার উদ্যোগ

বিশ্বজুড়ে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ‘বিদ্যুৎ সংকট’ একটি বড় সমস্যা। এই সমস্যা কিছুটা হলেও কমবে নকিয়ার নতুন উদ্যোগে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 01:38 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিদ্যুতের অপচয় রোধে নকিয়া তাদের হ্যান্ডসেটে সতর্ক সংকেত যুক্ত করতে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হ্যান্ডসেট চার্জে বসিয়ে সবাই কাজে ব্যাস্ত হয়ে পড়ে। এক্ষেত্রে হ্যান্ডসেটটির চার্জ সম্পন্ন হয়ে গেলেও ব্যবহারকারীরা সেটটিকে চার্জমুক্ত করেন না বা তারা বুঝতে পারেন না ঠিক কখন ব্যাটারির চার্জ সম্পন্ন হয়েছে। ফলে প্রচুর পরিমান বিদ্যুৎ শক্তির অপচয় ঘটে।

এ সমস্যার উত্তরনে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে নকিয়া তাদের তৈরি হ্যান্ডসেটে ‘বিপ’ শব্দের সতর্কসংকেত যুক্ত করতে যাচ্ছে। এতে করে একজন ব্যবহারকারী বুঝতে পারবেন কখন তার সেটের চার্জ সম্পন্ন হয়েছে। ‘বিপ’ শব্দ ছাড়াও ‘ব্যাটারির চার্জ শেষ হয়েছে, দয়া করে প্লাগটি খুলে ফেলুন’ এমন একটি লেখা সেটটির স্ক্রিনে ভেসে উঠবে।

এই ব্যবস্থা গ্রহন করলে বিশ্বজুড়ে প্রচুর পরিমানের বিদ্যুৎশক্তির অপচয় রোধ করা সম্ভব হবে।

প্রথমদিকে নকিয়া তাদের ১২০০, ১৬৫০ এবং ১২৮০ এই তিনটি মডেলে সতর্কসংকেত যুক্ত করবে। কারন ভারত, চীন এবং দক্ষিন আমেরিকার অধিবাসীরা সাধারনত নকিয়ার এই মডেলের সেটই বেশি ব্যবহার করে। আর এই দেশগুলোতেই বিদ্যুৎ সংকট সবচে’ বেশি।

এ প্রসঙ্গে নকিয়ার পরিবেশ বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিরসি সরমুনেন বলেন, ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেটটি চার্জ করতে যে পরিমান বিদ্যুৎ ব্যবহার করেন তার দুই-তৃতীয়াংশই অপচয় হয়। নকিয়ার সাম্প্রতিক উদ্যোগে বিশ্বজুড়ে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিদ্যুতের সঙ্কট কাটানো অনেক সহজ হবে। এক্ষেত্রে অবশ্য ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।

সরমুনেন আরো জানান, শুধু ‘বিপ’ উদ্যোগই নয়, ২০১০ সালের মধ্যে নকিয়া তাদের চার্জারগুলো এমনভাবে তৈরির সিদ্ধান্ত নিয়েছে যাতে করে হ্যান্ডসেট চার্জ করতে এখনকার তুলনায় অনেক সাশ্রয়ে চার্জ করা সম্ভব হবে।