ল্যপটপের জন্য ইন্টেলের নতুন ‘সান্তা রোসা’
ল্যপটপের জন্য নতুন প্রসেসর তৈরি করেছে বিশ্বের বৃহত্তম চিপ তৈরির প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন।
আপগ্রেডেড নতুন এই সেন্ট্রিনো প্রসেসরের নাম ‘সান্তা রোসা’। বৃহস্পতিবার প্রসেসরটি বাজারে ছাড়া হয়েছে। আগের প্রসেসরের তুলনায় এর কর্মক্ষমতা অনেক বেশি। এটি দিয়ে গ্রাফিক্সের কাজও বেশ ভালোভাবে করা সম্ভব। এছাড়া প্রসেসরটি ল্যাপটপের ব্যাটারির কর্মক্ষমতাও অনেকগুন বাড়িয়ে দিবে।
নতুন এই প্রসেসরটি নিয়ে ইন্টেলের অহমিকার শেষ নেই। কারন অনেকগুলো নতুন প্রযুক্তির সমন্বয় ঘটতে যাচ্ছে এই চিপটিতে। এতে যুক্ত থাকছে একাধিক প্রসেসরের শক্তির সমন্বয়, চিপসেট ও অয়্যারলেস কার্ড এবং প্রথমবারের মতো ফ্ল্যাস মেমোরি। এ সবগুলো প্রযুক্তিই কাজকে করবে দ্রুততর এবং ব্যাটরিকে দিবে অধিক সময় শক্তি যোগানোর ক্ষমতা।
ইন্টেলের মোবাইল প্রযুক্তি বিভাগের অন্যতম প্রধান মাইক ট্রেইনর বলেন, সম্ভবত গ্রাফিক্স নিয়ে কাজ করে এমন সবাই এটা লুফে নিবে উন্নততর ভিডিও কার্যকারিতার সুবিধা পাওয়ার জন্য।
এছাড়াও ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা সম্বলিত এই চিপটি ব্যবহার করে ৩০০ মেগাবিট পার সেকেন্ড স্পিড পাওয়া সম্ভব।
এরই মধ্যে এইচপি, ডেল, লেনোভো এবং গেটওয়ে তাদের ল্যাপটপের জন্য ইন্টেলের এই চিপটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
