আরো কিছু ‘ডিজিটাল সিটি’ তৈরি করবে চীন সরকার
চীনের বিভিন্ন অঞ্চলে আরো কিছু ‘ডিজিটাল সিটি’ তৈরির ব্যাপারে নিতীগত সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।
চীনের নির্মান মন্ত্রনালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পরিচালক লেই মিং শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। দেশটির একটি ওয়েবসাইট এ খবর প্রকাশ করেছে।
লেই মিং জানান, চীন একটি আধুনিক, তথ্যের অবাধ যোগাযোগ ব্যবস্থা সম্বলিত এবং বিজ্ঞানমনস্ক দেশ ও জাতি হিসেবেই গড়ে উঠবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে কৌশলগত দিক দিয়ে ডিজিটাল সিটি তৈরির কোনো বিকল্প নেই।
লেই আরো বলেন, ডিজিটাল সিটি বলতে শহরগুলোর পরিকল্পনা, প্রশাসন, নির্মানশৈলী এবং জনযোগাযোগে তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার বোঝানো হয়েছে। এরকম শহর তৈরির পরিকল্পনায় টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি খুবই কার্যকর।
চীনের তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় জানায়, এর আগে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত চীনের দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ১২০ টি শহরকে ডিজিটাল সিটির আওতায় আনা হয়। এবার একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় চীনের আরো শতাধিক শহর ডিজিটাল সিটির আওতায় আসবে।
চীনের দক্ষিনাঞ্চলীয় শহর সেন জেনের উপ মেয়র ইয়ান জিয়াপেই জানান, আসছে সেপ্টেম্বরের ২১ থেকে ২৩ তারিখে ‘চায়না ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজিটাল সিটি’ অনুষ্ঠিত হবে। তখন আরো কয়েকটি শহরকে ডিজিটাল সিটিতে পরিনত করার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
