হালাল শিল্প কারখানার উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করলো মালয়েশিয়া সরকার
এবার হালাল শিল্প কারখানার উন্নয়নে কাজ করবে বিশ্বের সর্ববৃহৎ সফটঅয়্যার তৈরির প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে যুক্তরাষ্ট্রে নয়, মালয়েশিয়ায়।
সোমবার মালয়েশিয়ার হালাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এইচআইডিসি মাইক্রোসফটের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। চীনের একটি ওয়েবসাইট এ খবর প্রকাশ করেছে।
মালয়েশিয়ার হালাল শিল্প কারখানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে মূলত কাজ করবে মাইক্রোসফট। আর এক্ষেত্রে উদ্যোগটি গ্রহন করেছে মালয়েশিয়া সরকার। সোমবার দেশটির রাজধানী কুয়ালা লামপুরে শুরু হওয়া ওয়ার্ল্ড হালাল ফোরামের (ডব্লিউএইচএফ) বার্ষিক সম্মেলন শুরুর প্রাক্কালে চুক্তিটি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটির প্রত্যক্ষদর্শী ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহম্মদ বাদাওয়ি। তিনি বলেন, এই চুক্তির ফলে বিশ্বের শ্রেষ্ঠ সফটঅয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের অভিজ্ঞতালব্ধ জ্ঞান মালয়েশিয়ার হালাল শিল্পকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। ক্রমোন্নত এই ব্যবসায়ীক অঙ্গনের গতি প্রযুক্তির সংযোজনে অনেক বেশি ক্ষিপ্র হবে।
চুক্তির আওতায় মাইক্রোসফট মালয়েশিয়ার হালাল শিল্পের জন্য ওয়ান স্টপ ইন্টারনেট পোর্টাল তৈরি করবে যার মাধ্যমে বিশ্ব বাজারে এইচআইডিসির অবাধ যোগাযোগের দ্বার খুলে যাবে। এছাড়াও হালাল গবেষনা জ্ঞান কেন্দ্রও তৈরি করে দিবে মাইক্রোসফট। এখানে মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেসব শিল্প প্রতিষ্ঠান কাজ করছে তারাও গবেষনার সুযোগ পাবে।
