‘ক্লিক’ প্রকল্পের প্রথম পল্লীতথ্য কেন্দ্র উদ্বোধন
মাইক্রোসফট কর্পোরেশনের সহায়তায় শুরু হওয়া ‘কমিউনিটি ফর লার্নিং ইনফরমেশন, কমিউনিকেশন এন্ড নলেজ’ বা ‘ক্লিক’ প্রকল্পের প্রথম পল্লীতথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে রবিবার।
নোয়াখালী জেলার জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টে এই সেন্টার স্থাপন করা হয়েছে।
বাংলাদেশের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবীকার তথ্য চাহিদা মেটানোর লক্ষ্যে ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক বা ডি ডট নেট ‘ক্লিক’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রথম পল্লীতথ্য কেন্দ্রটি উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল কবীর চৌধুরী। অন্যান্যদের মধ্যে ডি.নেটের কর্মসূচী পরিচালক মাহমুদ হাসান, গান্ধী আশ্রম ট্রাস্টের সেক্রেটারী ঝর্না ধারা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১০ মে থেকে ক্লিক সেন্টারটি তাদের প্রথম ব্যাচের জন্য প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করবে।
মাইক্রোসফট এর ‘আনলিমিটেড পটেনশিয়াল’ কর্মসূচীর আওতাধীন এই প্রকল্পের অধীনে বাংলাদেশে আরো ১২টি পল্লীতথ্য কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসেই জনসাধারণ মাইক্রোসফট আনলিমিটেড পটেনশিয়াল কোর্স এবং তথ্যকর্মী (ইনফোমিডিয়ারি) ও পল্লীতথ্য কেন্দ্র (টেলিসেন্টার) পরিচালনা কোর্সের উপর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ সেবাও নিতে পারবেন তারা।
প্রকল্পটির কার্যক্রম ২০০৮ সালের জুন মাস পর্যন্ত চলবে।
