এ বছরের প্রথম ত্রৈমাসে মাইক্রোসফটের মুনাফা ৬৫ শতাংশ
সফটঅয়্যার জায়ান্ট মাইক্রোসফট ২০০৭ সালের প্রথম ত্রৈমাসে মূনাফা করেছে ৬৫ শতাংশ। মূনাফার দিক দিয়ে মাইক্রোসফটের জন্য এটি একটি রেকর্ড।
বছরের শুরুতেই বাজারে ছাড়া ‘উইন্ডোজ ভিসতা’ এবং ‘এমএস অফিস ২০০৭’ সফটঅয়্যার দুটি মাইক্রোসফটের জন্য এই সুফল বয়ে এনেছে। বেশ কয়েকটি ওয়েবসাইট শনিবার এ খবর প্রকাশ করেছে।
জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের হিসাব থেকে দেখা গেছে, এ সময়ে মাইক্রোসফট মোট মূনাফা করেছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০০৬ সালের একই সময়ে এই মূনাফার পরিমান ছিল প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার।
এ বছরে মাইক্রোসফটের মোট রাজস্ব আয় হয়েছে ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই পরিমান গত বছরের তুলনায় ৩২ শতাংশ বেশি।
মাইক্রোসফটের প্রধান অর্থ কর্মকর্তা ক্রিস লিডেল এক বিবৃতিতে বলেন, মাইক্রোসফটের এই মূনাফা এসেছে অপারেটিং সিস্টেম বিক্রি থেকে এবং শেয়ার বিক্রির লাভ থেকে। প্রতিষ্ঠানটি আশা করছে একই গতিতে খুব ভালো একটা অর্থ বছর শেষ করা সম্ভব হবে। আগামী অর্থ বছরও একই গতিতে মাইক্রোসফটের এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন লিডেল।
এ বছরের জুন মাস শেষে মাইক্রোসফটের মূনাফা ১৩.১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
সফট্অয়্যার নিয়ে খুব ভালো ব্যবসা করলেও মাইক্রোসফট কোমর সোজা করে দাঁড়াতে পারছে না তার বিনোদন বিভাগের ব্যবসায়। এক্ষেত্রে সনি কর্পোরেশন এবং অ্যাপলের আইপড মাইক্রোসফটের প্রধান প্রতিদ্বন্দ্বী।
ক’দিন আগেই আইপড বিক্রিতে যখন ১০০ মিলিয়নের কোঠা পূরন করেছে, তখন মাইক্রোসফটের ‘যুন’ রিতীমতো তাল সামলাতে না পেরে খাবি খাচ্ছে।
সামনের দিনগুলোতে সফট্অয়্যারের দিকেই বেশি মনযোগী হবে মাইক্রোসফট, এমনটাই আশা করছেন বিল গেটসের ভক্তরা।
