২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে নকিয়ার নতুন হালকা হ্যান্ডসেট ‘বারাকুদা’

মোবাইল হ্যান্ডসেট তৈরির বৃহত্তম প্রতিষ্ঠান নকিয়া এবার বাজারজাত করেছে হালকা হ্যান্ডসেট। বৃহস্পতিবার বাজারে ছাড়া নতুন সেটটির নাম রাখা হয়েছে ‘বারাকুদা’। এছাড়াও একই দিনে নতুন আরো ছয়টি মডেলের সেট বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ফিনল্যান্ডভিত্তিক একটি ওয়েবসাইট এ খবর প্রকাশ করেছে।

নকিয়ার নতুন সবগুলো সেটের মূল্যই ১০০ ইউরো বা ১৩৫ মার্কিন ডলারের মধ্যে। এছাড়াও সর্বনিম্ন ৩৫ ইউরোর আরেকটি মডেল বাজারে ছেড়েছে নকিয়া। এই মডেলটির নাম ‘নকিয়া ১২০০’।

ফিনল্যান্ডের এই হ্যান্ডসেট তৈরির প্রতিষ্ঠানটি বিশ্বের মোট হ্যান্ডসেটের এক তৃতীয়াংশ উৎপাদন করে। চলতি বছর এই সংখ্যা আরো ১০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে প্রতিষ্ঠানটি। গত বছর নকিয়া প্রায় ৯৮ কোটি হ্যান্ডসেট তৈরি করে।

যদিও সংখ্যার দিক দিয়ে নকিয়া অন্য প্রতিষ্ঠানগুলো থেকে অনেক এগিয়ে, তারপরও মটোরোলা এবং স্যামসাং পাতলা এবং হালকা সেট তৈরি করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষনে সমর্থ হয়েছে। মটরোলা আর স্যামসাংয়ের এই সেটগুলোকে হুমকি হিসেবে গ্রহন করে আগে ভাগেই সতর্ক হয়েছে নকিয়া। তাই ‘বারাকুদা’ দিয়ে হালকা সেটের বাজারও দখলে রাখতে চায় তারা।

‘বারাকুদা’ এবং ‘নকিয়া ২৬৩০’ সেট দু’টি ব্যাধে ১০ মিলিমিটার বা ০.৪ ইঞ্চি। ব্যাধের পরিমাপে এগুলো নকিয়ার প্রতিদ্বন্দ্বী সেটগুলোর তুলনায় কম। এগুলোর দামও বেশ কম, ৮৫ ইউরোর মধ্যে।

নকিয়া সেলফোন বিভাগের প্রধান কাই ওইসতামো এ প্রসঙ্গে বলেন, এই দামে এই সেট! একটু অবাকই হচ্ছেন ক্রেতারা। তাই প্রচুর বিক্রিও হচ্ছে সেটগুলো। তবে তুলনামূলকভাবে অনেক বেশি বিক্রি হবে ‘বারাকুদা’ এমটাই আশা করছে নকিয়া।