ইউটিউবের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লীগের মামলা
আবার মামলার ঝামেলায় পড়েছে ইউটিউব। গুগল মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং সাইটটির বিরূদ্ধে এবার কপিরাইট মামলা করেছে ‘ইংলিশ প্রিমিয়ার লীগ’ হিসেবে বেশী পরিচিত ‘ফুটবল অ্যাসোসিয়েশন প্রিমিয়ার লীগ লিমিটেড’। শুক্রবার এই মামলাটি দায়ের করা হয়েছে।
নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের নথিপত্র থেকে জানা যায়, ইংলিম প্রিমিয়ার লীগ ছাড়াও ইউটিউবের বিরূদ্ধে একই ধরনের মামলা ঠুকেছে সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান বাউর্ন কর্পোরেশন।
মামলার নথিতে উল্লেখ রয়েছে, ইউটিউব তার ব্যবসায়ীক স্বার্থ হাসিল করতে গিয়ে তাদের সাইটে প্রিমিয়ার লীগের একাধিক আকর্ষনীয় ভিডিও পোস্ট করেছে। তবে এর বদলে সাইটটি লীগ কতৃপক্ষের কোন অনুমতি গ্রহন করেনি কিংবা তাদেরকে কোন রকম অর্থও প্রদান করেনি।
প্রিমিয়ার লীগের দাবী, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং টোটেনহামসহ বেশ কয়েকটি জনপ্রিয় দলের খেলা এবং তথ্য ইউটিউবে পোস্ট করা হয়েছে।
গুগলের আইনজীবী কেন্ট ওয়াকার এই মামলা সম্পর্কে এক বিবৃতিতে বলেন, প্রিমিয়ার লীগ কতৃপক্ষ হয়তো ‘ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন’ সম্পর্কে খূব স্বচ্ছ ধারনা রাখেন না। তাই তারা না জেনেই এই মামলাটি করেছেন।
ওয়াকার ১৯৯৮ সালের ইউএস ল গভর্নিঙের কথা উল্লেখ করে বলেন, এই ভিডিওগুলো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সম্পত্তি। আইনগতভাবেই দর্শকদের অধিকার রয়েছে ইন্টারনেটে বিভিন্ন তথ্য, খবর এবং বিনোদন উপভোগ করা। প্রিমিয়ার লীগের এই মামলা সে অধিকারকে খর্ব করার সামীল।
