বেফাঁস মন্তব্যে ফেঁসে গেলেন মটোরোলার প্রধান নির্বাহী
আড্ডার উত্তেজনায়, বিতর্কে কিংবা কয়েকটা বিয়ার পানের পর মানুষ অনেক কথাই বলে। আবার পরদিন সকালে তা ভুলেও যায়।
কিন্তু ওই অবস্থায়ও এমন করলে যে ঝামেলায় পড়তে হতে পারে, তা হয়তো আগে ভাবেননি মোবাইল ফোন কোম্পানি মটোরোলার প্রধান নির্বাহী এড জানডার। মুখ ফসকে বেরিয়ে যাওয়া মন্তব্যের জন্যই এখন বেশ বেকায়দায় আছেন জানডার। আর তার প্রতিপক্ষও কাজে লাগাচ্ছে এ সুযোগ।
লিখেছেন লন্ডনভিত্তিক টেলিকম টিভির প্রধান সম্পাদক মার্টিন ওয়ারউইক।
“আমি চাকরি পছন্দ করি, ঘৃণা করি গ্রাহকদের”- এড জানডারের এ বেফাঁস মন্তব্য ছাপিয়ে দেয় ওয়াল স্ট্রিট র্জানাল। মন্তব্য করার সময় তিনি হয়তো ভেবেছিলেন এটা খুবই রসাত্মক কিছু হবে। এমনও হতে পারে যে তিনি সত্য কথাটাই বলেছেন। কিন্তু আসল বিষয় এখানে মটোরোলা। পৃথিবীর অন্যান্য টেলিযোগাযোগ পণ্য উৎপাদনকারীদের মতো তারাও দাবি করে, গ্রাহকরাই তাদের সব এবং তারা যা কিছুই করছে তা গ্রাহকদের জন্যই।
ওই উক্তির মাধ্যমে জানডার আসলে নিজেরই ডতন ডেকে এনেছেন। আর এ সুযোগটাই কাজে লাগাতে নেমে পড়েছেন মার্কিন কোটিপতি কার্ল ইকান। যিনি নিজে মটোরোলার পরিচালনা পর্ষদে একটি পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
ওই ঘটনার পর ওয়াল স্ট্রিট জার্নালে একপৃষ্ঠার বিজ্ঞাপন ছাপিয়ে দেন ইকান। তাতে বলা হয়, মটোরোলায় নেতৃত্ব সঙ্কট চলছে, আর জানডার প্রধান নির্বাহী হওয়ার পর থেকেই সেটার শুরু। ইকানের মতে, মটোরোলা পিছিয়ে পড়ছে। কোম্পানির শেয়ারের দাম কমছে। লাভ কমে যাচ্ছে। এ অবস্থায় শেয়ার হোল্ডাররা ক্ষেপবেন না কেন?
পড়তি দামে মোটোরোলার বেশ কিছু শেয়ারও কিনে নেন কার্ল ইকান। মটোরোলার এক তৃতীয়াংশ শেয়ারের জন্য তাকে গুনতে হয় ১০২ কোটি ডলার। এখন আরও শেয়ার কিনে পরিচালনা পর্ষদে যাওয়ার পথটাও সুগম করতে চাইছেন ইকান।
এর আগে কার্ল ইকান খারাপ অবস্থায় থাকা অনেক কোম্পানিকে ভালো অবস্থায় তুলে আনার নজির দেখিয়েছেন। কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়া, কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নতুন ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি বিক্রি বাড়ানো, ব্যয় কমানো এবং শেয়ারের দাম বাড়ানোর কৌশল তার ভালোই জানা।
আগামী সোমবার মটোরোলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ইকান বলছেন, বড় বিনিয়োগকারীদের কোম্পানির পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে হবে। তার দাবি, অন্য বিনিয়োগকারীরাও তার পক্ষেই অবস্থান নিয়েছেন। তারা কার্ল ইকানকে নির্বাচিত করার জন্য অপেক্ষা করছেন।
তবে মনে হচ্ছে, মটোরোলা ইকানকে ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করবে। কোম্পানিটি বলছে, ইকানের কোনও দক্ষতা, ব্যবসায়িক জ্ঞান নেই। এছাড়া পরিচালনা পর্ষদে কাজ চালানোর জন্য প্রয়োজনীয় সময়ও দিতে পারবেন না তিনি। তাই এক্ষেত্রে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সমঝোতার ভিত্তিতে পরিচালনা পর্ষদে বিনিয়োগকারীদের মধ্য হতে এমন একজনকে প্রার্থী করার প্রস্তাব তারা দিয়েছেন, যিনি উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে।
একটা বিষয় নিশ্চিত, মাথা না খাটিয়ে কথা বলার জন্য জানডার অবশ্যই আফসোস করবেন। গ্রাহকদের নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, একটু সময় লাগলেও এর একটা প্রতিক্রিয়া হবেই। এটা জানডারও ভালোভাবেই জানেন। প্রশ্ন জাগে, তবে কি ওই মন্তব্যের মাধ্যমে আসলে প্রতিষ্ঠানের মৃত্যুই চেয়েছেন জানডার?
