২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজি মোবাইল অবকাঠামো তৈরিতে নতুন বিদেশী কোম্পানি খুঁজছে ভারত

ভারতে তৃতীয় প্রজন্ম বা থ্রিজি মোবাইলের অবকাঠামো তৈরির লাইসেন্স পেতে আসন্ন দরপত্রে অংশ নিতে পারবে বিদেশী প্রতিষ্ঠানগুলো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

টেলিযোগাযোগ ব্যবসায় কোন বিদেশী কোম্পানি সর্বোচ্চ ৭৪ শতাংশের অংশীদার হতে পারবে, ভারত সম্প্রতি এমন একটি আইন করায় বিদেশী প্রতিষ্ঠানের জন্য এ সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকটি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ভারতের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী দায়ানিধী মরন এ প্রসঙ্গে বলেন, “আমরা চাই ভারতের টেলিযোগাযোগ অঙ্গনে আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের সেবা নিয়ে প্রবেশ করুক। এখন যে ১২ টি অপারেটর রয়েছে তাদের জন্য স্বতন্ত্রভাবে দরপত্র আহ্বান করা হবে। এই কোম্পানিগুলো এখন দ্বিতীয় প্রজন্মের সেবা প্রদান করছে।”

এক বছর আগে দায়ানিধী জানিয়েছিলেন, ২০০৭ সালের দ্বিতীয় অর্ধে ভারতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা চালু করা হবে।

মরন আরো জানান, এখন যে হারে মোবাইল গ্রাহকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই হারে বাড়তে থাকলে ২০১০ সালে ভারতের অর্ধেক জনগোষ্ঠির হাতে মোবাইল ফোন থাকবে। একই সময়ের মধ্যে আমাদের লক্ষ্য ৫০ কোটি গ্রাহক তৈরি করা।

গ্রাহকসংখ্যার দিক দিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ব্যবহারকারী দেশ।