‘এক শিশু এক ল্যাপটপ’ প্রকল্পের আওতায় যুক্তরাষ্টের শিশুরা
যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর দাবীর প্রেক্ষিতে বিশ্বের গরিব শিশুদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যেও কম খরচের ল্যাপটপ বিতরনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট কতৃপক্ষ।
‘এক শিশু এক ল্যাপটপ’ এই অলাভজনক প্রকল্পের প্রথম পর্যায়ে কিড-ফ্রেন্ডলি ভার্শনের ল্যাপটপগুলোকে অতিদরিদ্র দেশের শিশুদের কাছে সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ইতিমধ্যে অনুন্নত এবং উন্নয়নশীল আটটি দেশ প্রকল্পের ল্যাপটপ পেতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো উন্নত একটি দেশ আগ্রহ দেখান একটি আশ্চর্যজনক ঘটনা।
অবশ্য প্রকল্পটির পরিচালক নিকোলাস নিগ্রোপন্টি যুক্তরাষ্ট্রের আগ্রহে অবাক না হয়ে বলেন “আমরা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারিনা। আমরা এব্যাপারে গভীর ভাবে চিন্তা করছি।”
হালকা সাদা-সবুজ রঙের ডিভাইসটির মূল্য প্রথমে নির্ধারন করা হয় ১০০ মার্কিন ডলার। পরবর্তিতে ল্যাপটপগুলোর মূল্য ১৫০ ডলার নির্ধারন করা হলেও সম্প্রতি ল্যাপটপগুলোর দাম নির্ধারন করা হয়েছে ১৭৫ ডলার।
নিগ্রোপন্টি জানান, বিভিন্ন রাজ্যের ১৯ জন গভর্নরের সম্মতিতে এ বছরের শেষদিকে স্কুলগুলোতে ল্যাপটপগুলো সরবরাহ করা হতে পারে।
ল্যাপটপগুলোতে থাকছে বিশেষ ব্যাটারি, একটি কীবোর্ড, একডি ডিজিটাল ভিডিও ক্যামেরা, ওয়্যারলেস কানেকটিভিটি এবং লিনাক্স ওপেনসোর্স অপারেটিং সিস্টেম। সরাসরি সুর্যালোকে এর ডিসপ্লে সুইচগুলো রঙিন থেকে সাদা কালোয় রুপান্তরিত হয়।
