২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবিবার বাজারে আসছে মাইক্রোসফটের ‘এক্সবক্স এলিট’

জনপ্রিয় ভিডিও গেম কনসোল এক্সবক্স’র নতুন সংস্করন ‘এক্সবক্স৩৬০ এলিট’ রবিবার থেকে যুক্তরাস্ট্র এবং কানাডায় বাজারজাত করতে যাচ্ছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

১২০ গিগাবাইট ধারনক্ষম এই কনসোল কিনতে ৪৭৯.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে ক্রেতাদের। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট।

পুরোনো এক্সবক্সের সঙ্গে এর মূল পার্থক্য ধারনক্ষমতায় এবং প্রযুক্তিতে। ৪০ গিগাবাইট ধারনক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ১২০ গিগাবাইটে এবং নতুন প্রযুক্তি হিসেবে এইচডিএমআই যুক্ত হয়েছে। মাইক্রোসফটের একজন মূখপাত্র শুক্রবার জানান, ক্রেতাদের চাহিদা অনুসারেই ধারনক্ষমতা বাড়ানো হয়েছে এবং ক্রেতারা অধীর আগ্রহে নতুন কনসোলটির জন্য অপেক্ষা করছে।

চাইলে এতে হাই ডেফিনেশন ডিভিডিও দেখা সম্ভব, জানিয়েছে মাইক্রোসফট। তবে সেক্ষেত্রে অতিরিক্ত ১৯৯.৯৯ ডলার খরচ করতে হবে। অ্যাপল টিভিতে একই সুবিধা রয়েছে বলে এক্সবক্সে একই সুযোগ রাখা হয়েছে।

ডিভাইসটিতে সিডি থেকে গান, ডিজিটাল ছবি ছাড়াও উইন্ডোজ এক্সপিতে চলে এরকম অনেক প্রোগ্রাম এবং তথ্য ব্যবহার করা সম্ভব। নতুন কনসোলটিকে কম্পিউটার এবং বিনোদনের এক অনন্য সমন্বয় হিসেবে দাবি করছে মাইক্রোসফট।