ভারতে আমেরিকান অনলাইনের যাত্রা শুরু
একশ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত এবং তথ্যপ্রযুক্তি দুনিয়ার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেয়া দেশ ভারতে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আমেরিকান অনলাইন বা এওএল। ভারতের গনমাধ্যমগুলো শুক্রবার এ খবর প্রকাশ করেছে।
ভারতে যাত্রার শুরুতেই এওএল তাদের নতুন ওয়েব পোর্টাল চালু করেছে। এরই মধ্যে সাইটটিতে প্রচুর হিট হচ্ছে এবং সাইটটি ভারতীয়দের বেশ মনে ধরেছে, এমন খবরও প্রকাশ করেছে গনমাধ্যমগুলো।
পুরোপুরি আমেরিকার পোর্টালটির মতো দেখতে না হলেও মূল সাইটির সঙ্গে কারিগরি দিক দিয়ে নতুন সাইটটির অনেকাংশে মিল রয়েছে। তবে সেবার দিক দিয়ে আমেরিকান সাইটটির থেকে এটি কোন অংশে কম নয়।
সংবাদভিত্তিক ওয়েবসাইট টেকক্র্যানচের প্রতিবেদন অনুসারে, এওএলের মূল সাইটটির সেবা অনেক ক্ষেত্রে উদার না হলেও ভারতের সাইটটিকে অনেক ‘ইউজার ফ্রেন্ডলি’ বলা যায়।
তবে সাইটির হোমপেজটিকে অনেকে ইয়াহুর নতুন ডিজাইন করা হোমপেজটির হুবহু বলে মন্তব্য করেছেন।
