চার লক্ষ নতুন গান যুক্ত হলো ইয়াহু মিউজিকে
অনলাইন মিউজিক বিভাগকে সম্প্রসারন করার উদ্যোগ নিয়েছে ‘ইয়াহু’। সম্প্রতি এ বিভাগে প্রায় ৪ লক্ষ নতুন গানের লিরিক যুক্ত করা হয়েছে এ উদ্যোগের অংশ হিসেবে। একাধিক গনমাধ্যম বুধবার এ খবর প্রকাশ করেছে।
ইয়াহুর ভাষ্যমতে, ওয়েব সার্ফাররা এখান থেকে বিনামূল্যে অসংখ্য গান এবং গানের লিরিক সংগ্রহ করতে পারবেন। বুধবার থেকে এই সেবা তারা বিনামূল্যেই গ্রহন করতে পারবেন। এমনকি কপিরাইট সমস্যাতেও তাদের পড়তে হবে না।
এই উদ্যোগে ওয়েব রাজ্যে বৈধ লিরিকসংখ্যায় ইয়াহু এখন অপ্রতিদ্বন্দ্বী। লিরিক সেবা দিচ্ছে এরকম সাইটের অধিকাংশই অবৈধভাবে এবং প্রকাশকের অনুমতি ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ইয়াহু জানায়, তাদের লিরিক সেবার পুরোটাই বৈধ উপায়ে পরিচালিত। অনুমতিপত্র সংক্রান্ত চুক্তির আওতায় যেসব প্রতিষ্ঠানের অনুলিপি স্বত্ত্ব রয়েছে সেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের অংশীদার হবে।
এই ৪ লক্ষ গানের মধ্যে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের ৯ হাজার শিল্পীর গাওয়া গান। এছাড়া প্রায় ১ শ’ প্রকাশনা সংস্থাও যুক্ত রয়েছে ইয়াহুর এই উদ্যোগে। বাদ যায়নি বিএমজি মিউজিক, অ্যামি মিউজিক, সনি মিউজিক, ইউনিভার্সেল মিউজিক এবং ওয়ার্নার মিউজিকের মতো প্রতিষ্ঠানও।
ইয়াহু মিউজিকের মহাব্যবস্থাপক ইয়ান রজার বলেন, লিরিকসেবা প্রদান করে ইয়াহু বেশ ভালো আয় করতে পারবে। এতে করে যেসব প্রতিষ্ঠান ইয়াহুর সঙ্গে যুক্ত রয়েছে তারাও লাভবান হবে। যেহেতু এটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে, সেক্ষেত্রে বিজ্ঞাপনদাতারাও এখানে বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে।
