ভারতের টেলিযোগাযোগ খাত থেকে রাজস্ব আয় সাত হাজার কোটি রুপি
টেলিযোগাযোগ খাত থেকে এ বছর প্রায় সাত হাজার কোটি রুপি রাজস্ব আয় করেছে ভারত সরকার। ২০১০ সাল নাগাদ রাজস্ব আয়ের এই হার প্রায় ১২৮ শতাংশ বেড়ে ১৬ হাজার কোটি রুপিতে দাঁড়াবে।
চলতি অর্থ বছরে টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অন্তত ২১ কোটি নতুন গ্রাহক পাবে। আর ২০১০ সাল নাগাদ হবে ৩৫ কোটি।
অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি অব ইণ্ডিয়া (অ্যাসচেম) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
অ্যাসচেম এর সভাপতি ভেনুগোপাল এন ধূত বলেন, টেলিযোগাযোগ খাতে এই হারে প্রবৃদ্ধি হতে থাকলে আগামী তিন বছরে সরকারি কোষাগারে প্রায় ১৬ হাজার কোটি টাকা রাজস্ব জমা হবে।
‘টেলিডেনসিটি সার্ভিং সার্ভিস ট্যাক্স’ শীর্ষক অ্যাসচেম এর প্রতিবেদনে আরও বলা হয়, টেলিফোন খাতে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে ভারত সরকারকে যে কোন ধরনের প্রতিবন্ধকতা তুলে নিতে হবে। এটি ৪৯ শতাংশ কিংবা ৭৪ শতাংশ যা-ই হোক না কেন। এই খাত ভারতের অর্থনীতিকে নিঃসন্দেহে প্রভাবিত করেছে তাই প্রশংসাও তাদের প্রাপ্য।
প্রতিবেদনটিতে বলা হয়, চলতি অর্থবছরে ভারতের টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বিশেষ করে ফিক্সড ও মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ২১ কোটি। ২০১০ এই সংখ্যা বেড়ে ৩৫ কোটিতে গিয়ে পৌঁছুলে প্রবৃদ্ধির হার হবে ৬৬ শতাংশ। এতে ২০১০ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের রাজস্ব খাতে টেলিফোন গ্রাহকদের কর প্রদানের হার ১ শতাংশ থেকে বেড়ে এক দশমিক ৯৩ শতাংশ হবে।
গবেষণায় জানা যায়, ১৯৯৬-৯৭ সালে টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ছয়টি যা ১৯৯৮-৯৯ সালে বেড়ে ২৭ টিতে দাাঁড়ায়। প্রতিষ্ঠানের সংখ্যা পর্যায়ক্রমে বেড়ে ২০০৪-০৫ সালে ৬৮ টি হয় এবং ২০০৬-০৭ সালে প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ১০৬টি।
বর্তমানে ভারত সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা মোবাইল ফোন বাজার এবং এটাকে ‘মোবাইল বিপ্লব’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
অ্যাসচেম এর প্রতিবেদনে দেখা যায়, টেলিফোন খাত থেকে প্রাপ্ত করের সঙ্গে টোলিফোন ব্যবহারকারীদের সরাসরি ও ইতিবাচক সম্পর্ক রয়েছে। গ্রাহকের সংখ্যা বাড়লে টেলিফোন খাত থেকে প্রাপ্ত করের পরিমানও বাড়বে।
