এশিয়ায় মাইক্রোসফটের ব্যবসা সম্প্রসারনের ঘোষনা দিলেন বিল গেটস
বিশ্বের বৃহত্তম সফটঅয়্যার তৈরির প্রতিষ্ঠান মাইক্রোসফট চীনে গবেষনা এবং উন্নয়ন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। মাইক্রোসফটের ব্যবসায় একই সঙ্গে এশিয়াকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।
রবিবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত মাইক্রোসফটের এক আলোচনা সভায় বিল গেটসের বক্তৃতায় এ বিষয় নিয়ে আলোচনা করেন ।
গেটস তার বক্তৃতায় আরো বলেন, চীনের ক্রমগ্রসরমান অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে চায় মাইক্রোসফট। শুধু তাই নয়, বর্তমানে চীনে মাইক্রোসফটের দখলে যে পরিমান বাজার রয়েছে খুব শীঘ্রই একে দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট।
এদিকে দক্ষিন চীনের দ্বীপ হেইনানে আয়োজিত ‘বোয়াও ফোরাম অফ এশিয়া’র বার্ষিক সম্মেলনে গেটস বলেন, “এশিয়া মহাদেশে এখন প্রযুক্তির সফল ব্যবহার হচ্ছে। আর এই প্রযুক্তিমনষ্কতাই এশিয়াকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।”
গেটস তার বক্তৃতায় নিজের সাফল্যের কথা স্মরন করে বলেন, “মাইক্রোসফটের আজকের অবস্থান শুধু আমার একার অর্জন নয়। এটি মাইক্রোসফটের কর্মকর্তাদের যৌথ সাফল্য। একই পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে চীনের প্রযুক্তি বাজার। তাই পরবর্তী ‘বিল গেটস’ সম্ভবত এশিয়াতেই লুকিয়ে।”
জিনহুয়ায় প্রকাশিত এক খবরে জানা যায়, চীনে এবছর মাইক্রোসফটের বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যের জন্য নতুন পন্য এবং সফটঅয়্যার পাইরেসি বন্ধ যথেষ্ট ভূমিকা রেখেছে।
কম্পিউটার বিক্রির দিক থেকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার। গত বছর প্রায় ২ কোটি পিসি বিক্রি হয় এখানে।
