২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মাইক্রোসফট ও ডিনেটের ‘ক্লিক’ বাস্তবায়ন শুরু

মাইক্রোসফটের ‘আনলিমিটেড পটেনশিয়াল’ কর্মসূচীর আওতায় কমিউনিটি ফর লার্নিং ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড নলেজ বা ‘ক্লিক’ নামের একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করছে বেসরকারী প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক বা ডিনেট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বাংলাদেশের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর তথ্যের চাহিদা মেটানোর লক্ষ্যে গত মাসে প্রকল্পটি গ্রহণ করা হয়।

এই প্রকল্পে বাংলাদেশে বেশ কিছু পল্লী তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রগুলো থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসেই স্থানীয় লোকজন মাইক্রোসফট আনলিমিটেড পটেনশিয়াল কোর্স এবং তথ্যকর্মী ও পল্লীতথ্য কেন্দ্র বা টেলিসেন্টার পরিচালনা কোর্সের উপর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ সেবাও নিতে পারবেন।

ক্লিক প্রকল্পের ট্রেনিং অফ ট্রেইনার বা টিওটি কার্যক্রমও শুরু হয়েছে, জানালেন ডিনেটের এক কর্মকর্তা। এ কার্যক্রমের আওতায় চলতি মাসের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত নোয়াখালী, গাইবান্ধা ও বাগের হাটের ৪ টি সংগঠনের মোট ১১ জন সদস্যকে প্রথমবারের মতো প্রশিক্ষন দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান চারটি হচ্ছে নোয়াখালির দিগন্তের ডাক ও গান্ধী আশ্রম ট্রাস্ট, বাগের হাটের ধরিত্রী সমাজ কল্যাণ সংঘ এবং গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র।

কমিউনিটি ফর লার্নিং ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড নলেজ বা ‘ক্লিক’ প্রকল্পটি ২০০৮ সালের জুন মাসে শেষ হবে।