২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির জন্য ‘লিথিয়াম আয়ন’ ব্যাটারি!

গাড়ির জন্য ‘লিথিয়াম’ আয়ন ব্যাটারি বানানোর যৌথ উদ্যোগ নিয়েছে জাপানের তিনটি প্রতিষ্ঠিত কোম্পানি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

২০০৯ সালে নিশানের হাইব্রিড এবং অন্যান্য ইলেকট্রিক গাড়িগুলোতে এই ব্যাটারি ব্যবহারের উদ্দেশ্যে নিশান মোটর কোম্পানি, এনইসি কর্পোরেশন এবং এনইসি টোকিন কর্পোরেশন ব্যাটারিটি তৈরিতে একত্রে কাজ করার উদ্দেশ্যে রবিবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

বেশ কয়েক বছর আগে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নিয়েও পিছিয়ে গিয়েছিল মোটর কোম্পানিগুলো। নিরাপত্তাজনিত সমস্যা এবং কম সময় ব্যবহার করা যায় এমন কারন দেখিয়ে গবেষকরা তখন এই ব্যাটারির ব্যবহার নাকচ করে দিয়েছিলেন।

ইদানিং গ্যাসোলিন ইলেকট্রিক হাইব্রিড গাড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় এবং গাড়িগুলোতে শক্তি সঞ্চিত করার সুবিধা থাকায় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ‘লিথিয়াম আয়ন’ ব্যাটারি ব্যবহারে আবার আগ্রহী হয়ে ওঠে। যদিও হাইব্রিড গাড়িগুলোতে ‘নিকেল মেটাল’ ব্যাটারির ব্যবহারই হচ্ছে বেশি।

দিনে দিনে জ্বালানীর দাম বেড়ে যাওয়ায় গাড়ির মালিকরা জ্বালানী খরচ সাশ্রয়ে সচেতন হয়ে উঠেছে এবং পাশাপাশি তারা পরিবেশ রক্ষায়ও সচেতন হচ্ছেন। এসব দিক বিবেচনা করলে লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত গাড়ি ক্রেতার দৃষ্টি আকর্ষনে সমর্থ হবে।

অন্যদিকে টয়োটা, হোন্ডা আর জেনারেলের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যখন পেরে উঠছে না নিশান, তখন বাজারে টিকে থাকতে এই চুক্তিটি নিশানের ব্যবসায়িক কৌশল বলেও মন্তব্য করছেন অনেকে।