এ বছরেই পরিবেশবান্ধব টিভি বাজারে ছাড়ছে সনি
বিশ্বে প্রথমবারের মতো পরিবেশবান্ধব টেলিভিশন বাজারে পাওয়া যাবে। এ বছরের কোন এক সময় টেলিভিশনটি বাজারে ছাড়ার সিদ্ধান্ত চুড়ান্ত করেছে জাপানের ইলেক্ট্রনিক্স জায়ান্ট ‘সনি কর্পোরেশন’। এটি হবে একটি লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি টিভি।
লিক্যুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি এবং প্লাজমা ডিসপ্লে প্যানেল বা পিডিপি’র তুলনায় অনেক বেশি সুবিধা পাওয়া সম্ভব এই পরিবেশবান্ধব লাইট এমিটিং ডায়োড (ওএলইডি) টিভি থেকে।
এই প্রযুক্তিতে তৈরি টিভির পিক্সেলগুলো পরিবেশবান্ধব এবং নিজেই আলো উৎপন্ন করতে পারে। এতে কোন ‘ব্যাকলাইট’ প্রয়োজন হয় না, তাই শক্তিও খরচ হয় কম। এতে করে টিভিটি প্রস্থে অনেক পাতলা করা সম্ভব। তাই টিভিটি ঘরের কম স্থান দখল করবে। এছাড়াও এলইডি দ্রুত ছবি প্রক্রিয়াজাত করতে পারে এবং এর রং ও অনেক উজ্জ্বল হয়।
সনি কর্পোরেশনের মূখপাত্র দাইচি ইয়ামাফুজি জানান, পরীক্ষামূলকভাবে এ বছর ১১ ইঞ্চি এলইডি টিভি তারা বাজারে ছাড়বে। প্রাথমিক পর্যায়ে শুধু জাপানের বাজারে এগুলো পাওয়া যাবে। আগামী বছর বিশ্বজুড়ে বিক্রির জন্য এটি বাজারে ছাড়া হতে পারে। অবশ্য ২৭ ইঞ্চির আরেকটি মডেল সনির পরিকল্পনায় রয়েছে বলেও জানিয়েছেন ইয়ামাফুজি।
এ বছরের শুরুতে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে পরিবেশবান্ধব টিভিটি ছাড়ার ঘোষনা দিয়েছিল সনি।
ইলেক্ট্রনিক্স বাজারে প্রতিদ্বন্দ্বি স্যামসাং, তোশিবা এবং প্যানাসনিক থেকে প্রতিযোগীতায় এগিয়ে থাকতেই সনি কর্পোরেশনের এই উদ্যোগ, জানিয়েছে একটি সূত্র।
