পাকিস্তানে ‘মোবাইল ভাইরাস’ গুজব এবং মৃত্যু আতঙ্ক!
মোবাইলে শুধু ফোনকল নয়, তার সঙ্গে ভাইরাসও আসা যাওয়া করছে অনায়াসে।
এটি আবার যেন-তেন ভাইরাস নয়, স্বয়ং মৃত্যুদূত! কোনভাবে সংক্রমণ করতে পারলে মৃত্যু নিশ্চিত! এমন আতঙ্কের মধ্যেই আছেন পাকিস্তানের মোবাইল গ্রাহকরা। একে ‘সৃষ্টিকর্তার গজব’ হিসেবে সবাইকে সাবধান হতে পরামর্শ দিয়ে করাচির মসজিদে মসজিদে ঘোষনাও দেয়া হচ্ছে।
হলিউডি সিনেমা ‘দি রিং’ এর কাহিনী ছিল অনেকটা এরকম। একটি ভিডিও দেখার এক সপ্তাহের মধ্যে লোকজন মারা যাওয়া শুরু করলো। আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়লো চারদিকে। সিনেমাটির কথা স্মরন করিয়ে দিয়ে একটি এসএমএস ছড়িয়ে পড়েছে পাকিস্তানজুড়ে। মোবাইল ভাইরাসটির সংক্রমণে এরই মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে, এমন কথাও লেখা রয়েছে এসএমএসে। অনেক গ্রাহক বিষয়টি বিশ্বাস করে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সবচে’ ঝামেলায় রয়েছে পাকিস্তানের মোবাইল সেবা সংস্থাগুলো। রিতীমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে গ্রাহকদের শান্ত করতে গিয়ে। ওয়ারিদ টেলিকমের মূখপাত্র ফারাহ হুসাইন জানান, তাদের গ্রাহক সেবা কেন্দ্রগুলো সারাক্ষন ব্যস্ত থাকছে এই হাস্যকর ‘ভাইরাস’ সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে গিয়ে। অসংখ্য আতঙ্কিত গ্রাহক গ্রাহক সেবায় ফোন করে ভাইরাসটির বর্তমান অবস্থা জানতে চাইছেন।
গ্রাহকদের শান্ত করতে মোবাইল অপারেটরগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এটি নিছক একটি গুজক। এর কোনো ভিত্তি নেই। প্রযুক্তিতে এসব গুজবের কোন স্থান নেই।
পাকিস্তানের ১৬ কোটি জনসংখ্যার মধ্যে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ৫ কোটি ২০ লক্ষ।
