৩.১ বিলিয়ন ডলারে ডাবলক্লিক কিনে নিচ্ছে গুগল
অনলাইন বিজ্ঞাপন বিভাগকে শক্তিশালী করতে ‘ডাবলক্লিক’কে কিনে নিচ্ছে গুগল। এ বছরের শেষ নাগাদ এই ওয়েব প্রকাশনা প্রতিষ্ঠানটির সঙ্গে ৩.১ বিলিয়ন ডলারের চুক্তিটি স্বাক্ষর করা হবে। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুগলের একাধিক কর্মকর্তা।
ইয়াহু বা অন্যান্য ওয়েব পোর্টালগুলোর মূল আয় হয় গ্রাফিক্যাল বিজ্ঞাপন প্রচার করে। কিন্তু গুগলের বিজ্ঞাপন প্রচার ব্যবস্থা একটু স্বতন্ত্র্য। এ সাইটির আয়ের উৎস মূলত সার্চইঞ্জিনে যুক্ত লিঙ্ক এবং প্রতি ক্লিক গননা পদ্ধতি। এক্ষেত্রে ডাবলক্লিকের মতো প্রতিষ্ঠান বেশ কাজে আসবে গুগলের।
গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুসান ওজকিকি এ প্রসঙ্গে বলেন, এই দুই প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের সম্মিলিত প্রয়াস গুগলের বিজ্ঞাপন বিভাগকে অনেক সুসংহত করবে এবং বিজ্ঞাপনে অনেক বৈচিত্র আনতে সমর্থ হবে। আমাদের কর্মীরা বিজ্ঞাপনদাতাদেরও যথেষ্ট সাহায্য করতে পারবেন।
গত কয়েক সপ্তাহ ধরে বাজারে জোড় গুজব, ২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ডাবলক্লিক কিনে নিচ্ছে মাইক্রোসফট। একই গুজব ছিল ইয়াহুর পক্ষেও। চুক্তিটি চুড়ান্ত হবার পর সব গুজবই উবে গেছে।
