অ্যাপল কম্পিউটারের জন্য নতুন ‘গুগল ডেক্সটপ’
স্ট্যান্ডার্ড পিসির তুলনায় দ্রুততম সময়ে ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করার সুবিধা দিতে গুগল এ সপ্তাহে বাজারে ছাড়তে যাচ্ছে ম্যাক বেটা ভার্শনের ‘গুগল ডেক্সটপ’ ফিচার।
এর ফলে ম্যাক ব্যবহারকারীরা এখন গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে সহজেই ওয়েব এবং কম্পিউটারে রাখা যেকোন তথ্য সংগ্রহ করতে পারবে। অর্থাৎ সার্চ করে ইমেইল কমিউনিকেশন, ডাটা ফাইল, মিউজিক, ছবি ইত্যাদি দেখা যাবে।
গুগল ডেক্সটপের সাহায্যে আপডেটেড ফাইলের পুরোনো ভার্শনও দেখা যাবে। এমনকি ভুল করে কেউ যদি ফাইল ডিলিট করে থাকে, তবে গুগল ডেক্সটপের সাহায্য নিয়ে সেই হারিয়ে যাওয়া ফাইলও খুঁজে পাওয়া যাবে।
গুগল ডেক্সটপের ব্যবহার অনেকটা গুগল অনলাইন সার্চ ইঞ্জিনের মত। অ্যাপ্লিকেশন কম্যান্ড কীতে ডাবল ক্লিক করে ‘কুইক লাঞ্চ’ বক্সে সার্চ রিকোয়েস্টের নাম লিখে দিয়ে এন্টার করলে সাথে সাথে অনলাইন এবং অফলাইন লোকেশন থেকে লিখিত টেক্সেটের সাথে সম্পর্কিত যাবতীয় তথ্য ফাইলের নামসহ মনিটরের স্ক্রিনে তুলে ধরবে।
গুগল ডেক্সটপের পাশাপাশি ম্যাক ব্যবহারকারীরা পেতে যাচ্ছেন ‘গুগল আপডেটার’ নামের নতুন ধরনের একটি সফটওয়্যার। এর মাধ্যমে ডেক্সটপ ইনস্টলেশন করা যাবে এবং কম্পিউটারের যাবতীয় গুগল ইউটিলিটি সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যাবে। কোন ব্যবহারকারী ভুলে গেলেও তাদের ইউটিলিটি সফটওয়্যারগুলো সব ধরনের আপডেট ফিচার পেয়ে যাবে। গুগল আপডেটার ব্যবহার করে ম্যাক ইউজাররা গুগলের যেকোন অ্যাপলিকেশন তাদের সিস্টেমে চালাতে পারেন।
ম্যাকের অপারেটিং সিস্টেম এক্স ১০.৪-এ গুগল ডেক্সটপ চালানো যায় এবং এতে ক্যামিনো, ফায়ার ফক্স এবং সাফারির মত ব্রাউজারও ব্যবহার করা যায়।
গুগল ডেক্সটপের ইংলিশ ভার্শন পাওয়া যাচ্ছে। http://desktop.google.com. সাইট থেকে এই বেটা ভার্শনটিকে ফ্রি ডাউনলোড করাযাবে।
