সিটিআইটি ২০০৭ : নকল পণ্য ধরতে উপকমিটি গঠন
আগারগাঁওয়ের আইডিবি ভবনে ৫ এপ্রিল শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘সিটিআইটি ২০০৭’। এরই মধ্যে জমে উঠেছে মেলা। ঢাকাবাসীর নজরও কেড়েছে। তবে প্রযুক্তিপণ্য প্রদর্শনের তুলনায় মেলায় ‘ভেজাল পণ্য আটক’ সবার নজর কেড়েছে বেশি।
ম্যাজিস্ট্রেটের আচমকা অভিযান এবং মেলা থেকে ভেজাল প্রযুক্তিপণ্য আটকের পর বেশ সচেতন হয়েছেন বিসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী এবং মেলার আয়োজকরা। মেলা কমিটি থেকেই ভেজাল প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলায় নকল পণ্য প্রদর্শন এবং কেনা-বেচা রোধ করতে গঠিত হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট ‘নকল পণ্য পরিদর্শক উপকমিটি’। বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মোহাম্মদ রোকনুর রহমানকে আহ্বায়ক করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে আছেন বিসিএস কম্পিউটার সিটির সাধারন সম্পাদক মো. আশরাফুজ্জামান, মাজহারুল ইমাম সিনা, এএসএম আব্দুল মুক্তাদির, এবং মাহমুদুর রহমান।
নতুন গঠিত পণ্য পরিদর্শক উপকমিটি মার্কেটের প্রতিটি প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। প্রতিষ্ঠানগুলো প্রিন্টারের টোনার কার্টিজসহ কোন অবৈধ পন্য বিক্রি করছে কিনা তারা সেদিকে সূক্ষ্ম নজর রাখছেন।
উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ রোকনুর রহমান জানালেন, সিটিআইটির ক্রেতারা যাতে নকলমুক্ত পণ্য নিশ্চিন্তে কিনতে পারেন সে লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। অবৈধ কিছু ধরা পড়লে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানালেন।
