১০ কোটি আইপড বিক্রি করে রেকর্ড গড়ল অ্যাপল!!
গত সাড়ে পাঁচ বছরে আইপড বিক্রি হয়েছে মোট ১০ কোটি। মিউজিক প্লেয়ার বিক্রির ইতিহাসে এটি একটি রেকর্ড। আইপড তৈরির প্রতিষ্ঠান অ্যাপল ইনকর্পোরেশন সোমবার এ তথ্য জানিয়েছে।
২০০১ সালে বাজারে আসার পর থেকেই হইচই ফেলে দেয় আইপড। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় মিউজিক প্লেয়ারের মোট বাজারের শতকরা ৭৫ ভাগই আইপডের দখলে। এ পর্যন্ত আইপডের জন্য প্রায় ৪ হাজার ধরনের এক্সেসরিস তৈরি করেও রেকর্ড গড়েছে অ্যাপল।
অ্যাপলের প্রধান নির্বাহি কর্মকর্তা স্টিভ জবস এক বিবৃতিতে বলেন, বিশ্বের কোটি কোটি মানুষের গান শোনার যে পিপাসা তা কিছুটা হলেও মেটাতে সক্ষম হয়েছে অইপড। আর এই আইপড তৈরির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে শিহরন অনুভব করছি।
একই দিনে প্রকাশ আরেকটি পরিসংখ্যানে দেখা যায়, আইপডে চলনসই গানের গুদাম বা আইটিউন অনলাইন মিউজিক স্টোর থেকে এ পর্যন্ত ২৫০ কোটি গান, ৫ কোটি টেলিভিশন অনুষ্ঠান এবং ১৩ লক্ষ চলচিত্র বিক্রি হয়েছে।
এই সাফল্যে অ্যাপলের উচ্ছসিত প্রশংসা করে বিশ্বসেরা সাইক্লিস্ট এবং সাতবার ‘ট্যুর ডি ফ্রান্স’ চ্যাম্পিয়ন ল্যান্স আর্মস্ট্রং এক শুভেচ্ছাবার্তায় লিখেছেন, আমি সবসময় দু’টি জিনিস আমার সঙ্গে রাখি। এর একটি আমার জুতো জোড়া এবং অপরটি আমার আইপড।
গত বছরগুলোতে মাইক্রোসফট অনেক চেষ্টা করেও অ্যাপলের বাজারে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। সর্বশেষ মিউজিক প্লেয়ারের বাজার দখলে ‘যুন’ বাজারে ছাড়ে। এতেও সুবিধে করতে পারেনি মাইক্রোসফট। তবে অপর মিউজিক ডিভাইস স্যানডিস্ক কিছুটা কাছাকাছি পৌঁছুতে পেরেছে আইপডের। মিউজিক প্লেয়ারের বাজারে স্যানডিস্কের দখল ৯ শতাংশ।
