মহাকাশ ভ্রমনে মাইক্রোসফট বিলিওনিয়ার সাইমোনি
মাইক্রোসফটের বিলিওনিয়ার কর্মকর্তা এবং মাইক্রোসফট ওয়ার্ড তৈরিতে যথেষ্ট অবদান রেখে তারকাখ্যাতি পাওয়া চার্লস সাইমোনি অন্য দু’জন মহাকাশচারীর সঙ্গে এখন মহাকাশ ভ্রমনে রয়েছেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সফরের উদ্দেশ্যে শনিবার কাজাকিস্থানের উৎক্ষেপন কেন্দ্র থেকে তিনি রাশিয়ার তৈরি একটি রকেটে যাত্রা শুরু করেন। ‘সুয়ুজ টিএমএ-১০’ নামক একটি ক্যাপসুলে চড়ে সোমবার তাদের কাঙ্খিত মহাকাশ স্টেশনে অবতরনের কথা রয়েছে। সাইমোনির বন্ধু মার্থা তাকে বিদায় জানাতে বাইকোনার কসমোড্রোমে উপস্থিত ছিলেন।
ক্যাপসুলের ভেতর তোলা এক ছবিতে দেখা যায় সাইমোনি এবং দুই মহাকাশচারী ইউরচিকিন ও ওলেগ কোটভ হাস্যজ্জল মুখে দাঁড়িয়ে আছেন। ছবিতে আরও দেখা যায় কোটভ বুড়ো আঙ্গুলদিয়ে একটি খেলনা কালো বিড়ালের নির্দেশ করছেন যা তার কাছে সৌভাগ্যের প্রতীক।
হাঙ্গেরি বংশদ্ভুত ৫৮ বছর বয়ষ্ক সাইমোনি পঞ্চম মহাকাশ পরিব্রাজক। ১৩ দিনের এই যাত্রার জন্য তাকে ব্যয় করতে হচ্ছে ২৫ মিলিয়ন ডলার।
সাইমোনি জানান, মহাকাশে অবস্থানের শেষ দিনে তিনি সেখানে চুল কাটবেন, একটি থেরাপি ম্যাসেজ নেবেন এবং সোভিয়েত ইউনিয়নের সময়কালের যুদ্ধের সিনেমা দেখবেন।
মহাকাশ স্টেশনে পৌঁছানোর তৃতীয় দিনে সাইমোনি স্টেশনের অন্যান্য ক্রু রাশিয়ান মহাকাশচারী মিখাইল তুরিন, অমেরিকার লোপেজ-অ্যালিগ্রিয়া এবং সুনিতা উইলিয়ামস এর জন্য ভোজের আয়োজন করবেন।
মাইক্রোসফটে কর্মরত সাইমোনি ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
