২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে কম্পিউটার মেলা ‘সিটি আইটি ২০০৭’

“দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হতে পারে তথ্যপ্রযুক্তি। তাই তথ্যপ্রযুক্তিকে সঙ্গে নিয়েই আমাদের দারিদ্র্য মোকাবিলা করতে হবে। আর এ প্রচেষ্টায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 06:03 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এ আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা তপন চৌধুরী।

বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার সোসাইটি আয়োজিত মেলা ‘সিটি আইটি ২০০৭’ এর উদ্বোধন করতে গিয়ে তিনি তথ্যপ্রযুক্তি খাতকে একটি দ্রুত বর্ধনশীল শিল্প হিসাবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ষষ্ঠবারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় আগারগাঁওয়ের আইডিবি ভবনের তৃতীয় তলাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এসএম ওয়াহিদ উজ জামান, এফবিসিসিআইয়ের পরিচালক ও অ্যামচ্যামের সাবেক চেয়ারম্যান আফতাব উল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে এসএম ওয়াহিদ উজ জামান বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে প্রয়োজন দেশপ্রেমিক বিত্তশালী সম্প্রদায়। আশা করি তথ্য প্রযুক্তি ব্যবসায়ীরা সে সম্প্রদায়ের অংশ হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।”

মাহফুজুর রহমান তার বক্তব্যে সফটওয়্যার রপ্তানিতে আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “বৈধ উপায়ে এ দেশ থেকে সফটওয়্যার রপ্তানি যে কত জটিল একটি প্রক্রিয়া তা ভূক্তভোগী মাত্রই জানেন। সরকারের উচিত দেশের সফটওয়্যার রপ্তানি শিল্পকে দ্রুত বর্ধনশীল একটি খাত হিসাবে গড়ে তুলতে এর জটিলতা কমানো।”

২০০৬ এর ডিসেম্বরে এ মেলা হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা হতে পারেনি। তারপর দু’দুবার তারিখ পিছিয়েও মেলার আয়োজন করা যায়নি।

নয় দিনব্যাপী এ মেলায় অংশ নিচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি সেবা, ইন্টারনেট, কম্পিউটার আসবাব, সিডি-ডিভিডি বিক্রেতা, প্রকাশনাসহ নানা ধরনের প্রতিষ্ঠান। এ ছাড়া মেলার তৃতীয় তলা জুড়ে রয়েছে প্রযুক্তি ও গ্রামীণ মেলার সমন্বয়ে এক আয়োজন।

দেশে কম্পিউটারের ব্যবহারকে আরও জনপ্রিয় করা ও সুলভে ভোক্তাদের কাছে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ পৌঁছে দেওয়া বরাবরের মতো এবারও মেলার মূল লক্ষ্য। আর তাই মেলা ঘিরে আইডিবি ভবনের কম্পিউটার সিটির ১৫৭টি স্থায়ী দোকান সেজেছে নতুন রূপে।

এবারের মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা। তবে প্রতিবন্ধী ও স্কুল পড়ুয়ারা বিনা টিকেটেই মেলা ঘুরে দেখতে পারবে। স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম বা পরিচয়পত্র দেখাতে হবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

১৩ এপ্রিল অর্থাৎ মেলার শেষ দিন অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া প্রতিদিনই থাকছে তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনাসহ নানা আয়োজন, যা কম্পিউটার সিটির নিচতলার কেন্দ্রীয় মঞ্চে অনুষ্ঠিত হবে। সেসব অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা।

মেলায় দর্শণার্থীদের জন্য থাকছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আর প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্র করে প্রতিদিন দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। র‌্যাফেল ড্রয়ের ফলাফল জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া রক্তদান কর্মসূচি থাকবে সন্ধানীর।

এবার মেলার অর্থায়নকারী প্রতিষ্ঠান হচ্ছে লাইটঅন, লেক্সমার্ক, গিগাবাইট ও আসুস। আর মিডিয়া পার্টনার রয়েছে এটিএন বাংলা ও রেডিও টুডে।