‘এপ্রিল ফুল’-এ গুগলের উপহার ‘বাথরুম ইন্টারনেট কানেকশন’!!
বোকার স্বর্গে বাস করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা, কিংবা যারা ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক। অন্ততঃ ‘গুগল’ তাই ভাবছে। যারা এই স্বর্গে যাবার সুব্যবস্থা করতে পারেননি ১ এপ্রিল তাদের ওখানে পাঠনোর পুরো সফল বন্দোবস্তো করেছিল এই সার্চইঞ্জিন। ‘গুগল নিউজে’র একটা খবর তো তাই প্রমাণ করে।
গত ১ এপ্রিল গুগল নিউজে ‘গুগলের অভিনব উদ্ভাবন, বাথরুম ইন্টারনেট কানেকশন’ শিরোনামের এক খবর বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এমনকি বাংলাদেশের কমপক্ষে একটি জাতীয় দৈনিকও বোকার স্বর্গে (!) পৌঁছুতে এ খবরটি ছাপে। মূলত খবরটি ছিল ইন্টারনেট ব্যবহারকারীদের ‘এপ্রিল ফুল’ বানাতে গুগলের এক অভিনব আয়োজন।
খবরটি এরকম-“আপনার বাড়ির ইন্টারনেট সংযোগ দেয়া যাবে বাথরুমেও। এই অভাবনীয় প্রযুক্তি ব্যবহারে ইন্টারনেট সংযোগ প্রদান করবে বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন ‘গুগল’। গুগলের নতুন উদ্ভাবিত প্রযুক্তির নাম হচ্ছে টিআইএসপি বা টয়লেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ১ এপ্রিল থেকে গুগল বিনামূল্যে এই সেবা প্রদান শুরু করেছে। এই সেবার আওতায় ব্যবহারকারীর পুরো ঘর ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে। আর এই সংযোগ স্থাপন করা হবে ব্যবহারকারীর পয়ঃনিস্কাশন ব্যবস্থার সাথে।
সংযোগ পেতে কেবলমাত্র গুগলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেই চলবে। বাকি কাজ করতে গুগল একটি ‘সেল্ফ ইন্সটলেশন প্যাকেজ’ পাঠিয়ে দিবে। ইন্টারনেট সংযুক্তির জন্য এখানে কেবল একটি ওয়াইফাই সংযুক্ত কম্পিউটার ও স্থানীয় মিউনিসিপলিটির পয়ঃনিস্কাশন ব্যবস্থার সাথে সংযুক্ত একটি বাথরুম থাকলেই চলবে।...........প্রাথমিকভাবে শুধু যুক্তরাস্ট্রেই এই সেবা দেবে গুগল ”।
বিনে পয়সায় গুগলের ইন্টারনেট সংযোগ পেতে বা ‘বোকার স্বর্গে পৌঁছুতে’ খবরের এ অংশটুকুই কি যথেষ্ট নয়?
