২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ‘সফটএক্সপো ২০০৭’

রবিবার শেষ হয়েছে বাংলাদেশের সফটঅয়্যার কোম্পানিগুলোর সংগঠন বেসিস আয়োজিত পাঁচ দিনব্যাপী সফটওয়্যার মেলা ‘সফটএক্সপো ২০০৭’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 05:11 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এদিন সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কমিটি হলে আয়োজিত ‘ইবংঃ ওঞ টংব অধিৎফ’ প্রদানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস প্রেসিডেন্ট সারওয়ার আলম। অনুষ্ঠানের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব ব্যবসায়িক কর্মকান্ডে তথ্যপ্রযুক্তি ব্যবহারের জন্য পুরষ্কার প্রদান করা হয়।

পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, নন্দন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল অফিস মেশিনস লিমিটেড, আইসিডিডিআর,বি এমপ্লয়ীজ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড।

সফটঅয়্যার ব্যবহারের মাধ্যমে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবস্থাপনার দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে আর্থিকভাবে লাভবান হয়েছে, তা বেশ কয়েকটি ধাপে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উপরোক্ত সাতটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

এদিকে মেলার সার্বিক সমাপ্তি হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। মেলার আহবায়ক একেএম ফাহিম মাশরুরের মতে, গত যেকোন বছরের তুলনায় সার্বিকভাবে এবারের মেলায় দর্শক-ক্রেতা-প্রদর্শক উপস্থিতি এবং অংশগ্রহণ ছিলো অনেক বেশী। বেসিসের হিসেবমতে প্রায় ৬০ হাজার দর্শক-ক্রেতা ৫ দিনের এই মেলা পরিদর্শন করেছে।

মেলায় অংশ নেওয়া একাধিক প্রতিষ্ঠান অবশ্য আয়োজকদের সঙ্গে একমত নয়। তাদের মতে, শেষ দু’দিনে দর্শক সংখ্যা বাড়লেও ক্রেতা খুবই কম ছিল। আর আয়োজকরা ছিল সেমিনারমূখী। ক্রেতাদের আকৃষ্ট করার যথেষ্ট আয়োজন ছিলনা বলেই অংশগ্রহণকারীদের অভিমত।

অবশ্য প্রথমবারের মত মেলায় ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোক্তাদের জন্য ‘এসএমই সফটঅয়্যার জোন’ তৈরির উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার কিভাবে ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এই জোনের প্রতিষ্ঠানগুলো সে ব্যাপারে সাধারণ দর্শকদেরকেও বিস্তারিত জানিয়েছে।

আরেকটি উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে। ‘আইটি ইনোভেশন সার্চ-আবিষ্কারের খোঁজে’ উদ্যোগটিতে যেসব আবিস্কার বা নির্মান অন্তরালে ছিল সেগুলো সবার সামনে তুলে ধরার উদ্যেশ্যেই এ আয়োজন।

এছাড়াও পাঁচ দিনের মেলায় মোট বারোটি সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।