২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারহীন প্রযুক্তি ঠেকাবে ‘কিশোর ধুমপায়ী’ আর ‘মাতাল ড্রাইভার’

কিশোর হয়ে ধুমপান আর মাতাল হয়ে গাড়ি চালানোর দিন শেষ হতে যাচ্ছে! প্রযুক্তি ওদের ঠেকানোর দায়িত্ব নিতে যাচ্ছে। ২০০৮ সালের শেষদিকে জাপানে প্রায় ৬ লক্ষ সিগারেট ভেন্ডিং মেশিনে তারহীন প্রযুক্তি এইজ (বফমব) ভেরিফিকেশন ডিভাইস বসানো হবে। সিগারেট ভেন্ডিং মেশিন থেকেই জাপানের কিশোররা সাধারণত তাদের ধুমপান - সামগ্রি সংগ্রহ করে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 10:16 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

২০০৪ সালে জাপানে উচ্চবিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের ওপর চালানো সরকারি জরিপ থেকে জানা যায়, ৪২ শতাংশ ছাত্র এবং ২৭ শতাংশ ছাত্রীদের মধ্যে কেউ মাঝে মাঝে ধুমপান করার চেষ্টা করে এবং কেউ নিয়মিত ধুমপায়ী।

ভবিষ্যতে কেউ ভেন্ডিং মেশিন থেকে ধুমপান সামগ্রী কিনতে গেলে তাদের বয়স প্রমানের জন্য ভেন্ডিং মেশিনে একটি ইলেকট্রনিক রিডারের সামনে নিজের স্মার্ট কার্ডটি ধরতে হবে। এতে যদি দেখাযায় ক্রেতার বয়স ২০ বছরের উপরে তবেই সে ধুমপান - সামগ্রী কিনতে পারবে।

জাপানের তামাক বিক্রেতাদের সংগঠন টোব্যাকো ইনস্টিটিউট অফ জাপান (টিআইওজে) ক্রেতার ছবি এবং মেম্বারশিপ নম্বর সম্বলিত ‘টাসপো কার্ড’ কার্ড তৈরি করবে। এই কার্ডে থাকবে একটি ইলেকট্রনিক চিপ, যেটা দিয়ে ক্রেতা তার কেনা পন্যের মূল্যও পরিশোধ করতে পারবে।

বিক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য বেতার প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটি মেশিন থেকে একটি সিস্টেমে সরবরাহ করা হবে। নিপ্পন টেলিগ্রাফ এবং টেলিফোন করপোরেশনের মত কিছু বড় কোম্পানি এ ধরনের সিস্টেম সরবরাহ করবে।

টিআইওজের মুখপাত্র হিরোসা ইয়োকোয়া বলেন, “এখন কিশোরদের আগের মত ভেন্ডিং মেশিনের আশেপাশে ঘুর ঘুর করতে দেখা যায়না।”

অন্যদিকে, মাতাল চালকদের কাছ থেকে রাস্তা মুক্ত রাখতেও এখন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

ট্রান্সপোর্ট কোম্পানিগুলো তাদের কর্মচারীদের ‘ব্রিদালাইজার’র সাথে সংযুক্ত মোবাইল ফোন সরবরাহ করছে। এটা দিয়ে তার নিশ্চিত হতে পারে যে তাদের চালকেরা মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা।

মোবাইল ফোন অপারেটর ‘এনটিটি ডোকোমো’ এবং ‘টানিটা কর্পোরেশন’ একটি যন্ত্র তৈরি করেছে যা একটি সেল ফোনের সঙ্গে সংযুক্ত থাকে। চালকরা অ্যালকোহল ডিটেক্টরে শ্বাস প্রশ্বাস নিলে তা তাৎক্ষনিক ভাবে তাদের নিশ্বাসে অ্যালকোহলের পরিমান জানিয়ে দেবে।