ডিশ এন্টেনা ছাড়াই চলবে স্যাটেলাইট চ্যানেল
টিভিতে স্যাটেলাইট চ্যানেল দেখতে ডিশ এন্টেনার সংযোগ প্রয়োজন নেই। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে। সদ্য শেষ হওয়া সফটএক্সপোতে আইপিটিভি নিয়ে এক সেমিনারে বক্তারা এ তথ্য জানান।
রবিবার চীন বাংলাদেশ মৈত্রি সম্মেলন কেন্দ্রের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই সেমিনারে আইপিটিভি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা প্রকৌশলী মো. সজীব। তিনি বলেন, এখন থেকে স্যাটেলাইট চ্যানেলে টিভি দেখতে ডিশ এন্টেনার প্রয়োজন নেই। শুধু ইন্টারনেট সংযোগের আওতায় থাকলেই চলবে। ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্চ ছাড়াও অনেক সুবিধা পাওয়া সম্ভব। এমনকি স্যাটেলাইট টিভি চ্যানেলও দেখা সম্ভব।
তিনি আরো জানান, কম্পিউটারে শুধুমাত্র ল্যান কার্ড থাকলেই আইপিটিভি দেখার সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশী প্রতিষ্ঠান ‘সফটপার্ক’ এ প্রযুক্তি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি ।
আইপিটিভি সলিউশনের আওতায় একজন ব্যবহারকারী টিভি ওভার ল্যান, ৩৭ টি টিভি চ্যানেল, ৩টি রেডিও চ্যানেল, ২৪ ঘণ্টা ইন্টারনেট, অন ডিমান্ড টিভি, ডিলে টাইম টিভি, অন ডিমান্ড ক্যাপচার এবং মাল্টি/ ইউনি কাস্ট সিস্টেম সুবিধা পাবেন। প্রতি মাসে খরচ পড়বে ১২ শ’ টাকা।
