ইন্টেলের চিপ ব্যবহার করবে সান!
ইন্টেল করপোরেশন এবং সান মাইক্রোসিস্টেম ইনকরপোরেশনের মধ্যে শিগগিরই চিপ ব্যবহার সংক্রান্ত একটি চুক্তি হচ্ছে।
এক্ষেত্রে সার্ভার সিস্টেমে ব্যবহার উপযোগী ইন্টেলের চিপ কিনবে সান মাইক্রোসিস্টেম ইনকরপোরেশন। রোববার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
ওই চুক্তির পর সান সোলারিজ অপারেটিং সিস্টেম ব্যবহারের ক্ষেত্রেও ইন্টেল সহায়তা দেবে।
ইন্টেলের সঙ্গে সানের চিপ ব্যবহারের চুক্তি হলে সবচেয়ে বড় ধরনের ধাক্কাটি খাবে ‘এ্যাডভান্সড মাইক্রো ডিভাইস ইনকরপোরেশন’ যাদের উৎপাদিত এবং জনপ্রিয় এক্স ৮৬ চিপ এখন বেশির ভাগ কম্পিউটার এবং সার্ভারগুলোতে ব্যবহার হচ্ছে।
ওই জার্নাল থেকে আরও জানা যায়, সান্তা ক্লারা এবং ক্যালিফোর্নিয়া ভিত্তিক সান প্রতিষ্ঠানটি এএমডি চিপ ব্যবহার করে তাদের কম্পিউটার তৈরি কার্যক্রম চালিয়ে যাবে।
তবে এ ব্যাপারে এখনই মুখ খুলতে চাইছে না ‘সান’ ও ‘ইন্টেল’।
