মালয়েশিয়ায় সপ্তম এশিয়া ওপেন সোর্স সফটওয়ার সিম্পোজিয়ামে বাংলাদেশ অংশ নিচ্ছে
ওপেন সোর্স সফটওয়া’র কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে মালয়শিয়ার কুয়ালালামপুরে ৬ থেকে ৮ মার্চ অনুষ্ঠেয় সপ্তম ওপেন সোর্স সফটওয়ার (ওএসএস) সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবে বাংলাদেশ।
সূত্র জানায়, তিন দিনব্যাপী এই সিম্পোজিয়ামে ২১টি সদস্যভূক্ত দেশ থেকে ৩০০ অংশগ্রহনকারী জড়ো হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
অন্য অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে-ব্রুনাই, কম্বোডিয়া, চীন তাইওয়ান, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, লাউস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, থাইল্যাণ্ড, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, সিংগাপুর ও শ্রীলংকা।
সিম্পোজিয়ামের সাথে সম্পর্কিত একটি ম্যারাথন কোডিং ইভেন্ট কোডফিস্ট ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে। যেখানে সফটওয়ার প্রস্তুতকারকরা ৩০ ঘন্টা বিরতিহীনভাবে ওপেন সোর্স’র উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন। এসময় সমগ্র এশিয়ার ওপেন সোর্স চর্চাকারীরা সম্মিলিতভাবে এবং একটি একক ওপেন সোর্স প্রকল্পে নিয়োজিত থাকবেন।
“আমরা প্রত্যাশা করি এই সিম্পোজিয়ামের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আরও কার্যকরি সহযোগিতার সুযোগ তৈরি হবে এবং জ্ঞান, সম্পদ ও প্রযুক্তির গতিশীল বিনিময়কে উৎসাহিত করবে।” কুয়ালালামপুরে এমআইএমওএস এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজা নূর আইনিনি আর জয়নাল একথা বলেন।
সিম্পোজিয়ামটি একটি দ্বি-বার্ষিক আয়োজন। সেন্টার অব দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর কম্পিউটারাইজেশন (সিআইসিসি), জাপান ও এমআইএমওএস যৌথভাবে এ সিম্পোজিয়ামের আয়োজন করে।
