২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এশিয়ায় তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ এখনো পিছিয়ে’

তথ্য প্রযুক্তি (আইটি) খাতে দক্ষিণ এশিয়ার দেশগুলো এগিয়ে চলেছে। তবে এই উন্নয়নের সাথে বাংলাদেশ আশানুরূপভাবে তাল মিলিয়ে এগুতে পারছে না।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 05:49 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

দেশের এই ঘটতি সবচেয়ে বেশি রয়েছে ই-লার্নিং, তথ্য প্রযুক্তি নীতিমালা, কমিউনিটি মাল্টিমিডিয়া সেন্টার, এমডিজি, গ্রামাঞ্চলে অবাধ তথ্য প্রবাহ ইত্যাদি খাতে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে ২২-২৩ জানুয়ারি ভারতের আগ্রায় অনুষ্ঠিত বার্ষিক আঞ্চলিক সভায় পর এ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় আইটি বিশেজ্ঞরা এই অভিমত দেন। রাজধানীর শ্যামলীতে মঙ্গলবার বিএনএনআরসি (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা সভা।

সভায় বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান বলেন, গ্রামাঞ্চলে তথ্য প্রবাহ নিশ্চিত করতে ২০১৫ সালের মধ্যে দেশের সকল উপজেলায় বহুমুখি তথ্য প্রযুক্তি কেন্দ্র বা মাল্টিমিডিয়া কমিউনিটি সেন্টার স্থাপন করা প্রয়োজন।

তিনি জানান, এরই মধ্যে ওয়ান ওয়ার্ল্ড, সাউথ এশিয়া তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে।

পর্যালোচনা সভার সমন্বয়ক আহমেদ স্বপন বলেন, আমাদের দেশে গত কয়েক বছরে আইটি পাইরেসি বেড়েছে। আইটি খাতকে রক্ষা তথা এর উন্নয়নের স্বার্থেই এ ধরণের পাইরেসি রোধ করা জরুরি।

ডেভেলপমেন্ট গেটওয়ে ফাউন্ডেশনের কাশেম আলী বলেন, দেশের সরকারি ওয়েবসাইটগুলো নিয়মিত আপডেট করা হয় না। বিশ্বের সাথে তাল মেলাতে হলে দেশের সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলোকে নিয়মিত হালনাগাদ করা ছাড়াও এতে সমৃদ্ধ তথ্যের সমাবেশ দরকার।

ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড’র গ্রান্ড জুরি মো. আক্তারুজ্জামান দুঃখ প্রকাশ করে বলেন, আগ্রার বার্ষিক আঞ্চলিক সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্থানীয় ভাষায় তৈরি পঞ্চাশটি শিক্ষামূলক ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে বাংলা ভাষার এ ধরণের কোনো ওয়েবসাইট ছিলো না।